রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কর্মচারী নিয়োগের বিজ্ঞপ্তি দিয়ে আবেদনপত্র গ্রহণের দেড় বছর পর একই পদে নিয়োগের জন্য আবার বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এবার ২০টি পদের ১৫টিতেই রাজশাহীর প্রার্থীরা আবেদনের সুযোগ পাচ্ছেন না।আগের বিজ্ঞপ্তি অনুযায়ী পাওয়া ছয় হাজার ১২৮টি আবেদনপত্রের মধ্যে রাজশাহীর প্রার্থীদের আবেদনপত্রও রয়েছে। কর্তৃপক্ষ বলছে, সব জেলায় সুষম নিয়োগ নিশ্চিত করার জন্য এটা করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে মোট ২০টি পদের বিপরীতে ১৩৮ জন লোক নিয়োগের জন্য গত বছর ১১ মে বিজ্ঞপ্তি দেওয়া হয়। পদগুলোর বিপরীতে ছয় হাজার ১২৮টি আবেদনপত্র পাওয়া গেছে। গত বছরের ৩০ জুন আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল। নিয়ম অনুযায়ী, ২৪ এপ্রিলের মধ্যে এই নিয়োগ সম্পন্ন করার কথা ছিল। হাসপাতালের প্রশাসনিক জটিলতার কারণে তা হয়নি। ফলে নতুন করে মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে গতকাল মঙ্গলবার পত্রিকায় আবার বিজ্ঞাপন দেওয়া হয়।নতুন বিজ্ঞপ্তিতে ২০টি পদের মধ্যে এবার ১৫টিতেই রাজশাহীর প্রার্থীরা আবেদন করতে পারছেন না। বিজ্ঞপ্তিতে ওই ১৫টি পদে রাজশাহী জেলা বাদ দিয়ে অন্য জেলার প্রার্থীদের আবেদন করতে বলা হয়েছে। ১৩৮টি পদের মধ্যে যে পাঁচটিতে রাজশাহীর প্রার্থীদের আবেদনের সুযোগ রয়েছে, তাতে লোক নেওয়া হবে মাত্র নয়জন। অথচ এমএলএসএস পদে লোক নেওয়া হবে ৭৭ জন ও সুইপার পদে নেওয়া হবে ২৮ জন। এগুলোয় রাজশাহীর প্রার্থীদের আবেদনের কোনো সুযোগ নেই। অথচ প্রথমবারের বিজ্ঞপ্তিতে এ ধরনের কোনো শর্ত ছিল না। রাজশাহীর প্রার্থীরা সব পদেই আবেদন করেছেন বলে জানা গেছে।হাসপাতাল সূত্রে জানা গেছে, আগের আবেদনগুলো বহাল রাখা হবে, তবে যে জেলার কোটা রয়েছে। আবেদন পাওয়া না গেলে তাঁদের কোটা রাজশাহী বা বৃহত্তর জেলা থেকে পূরণ করা হবে। সব জেলায় সুষম কর্মচারী নিয়োগ নিশ্চিত করতেই কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।প্রথমবার আবেদন করা একজন প্রার্থী ক্ষোভ প্রকাশ করে জানান, হাসপাতাল কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি দিয়ে তাঁদের কাছ থেকে দরখাস্ত নিয়ে এখন প্রতারণা করছে। অনেক প্রার্থীর নতুন করে আবেদনের বয়স শেষ হয়ে গেছে। তাঁরা সেই সময় আবেদন করেছিলেন। কিন্তু এখন নতুন করে কোটার প্রশ্ন তুলে তাঁর আবেদপত্রটি যদি বাতিল করে দেওয়া হয়, তাহলে এটা তাঁদের সঙ্গে একধরনের প্রতারণা।হাসপাতালের পরিচালক কর্নেল মো. সাইদুর রহমান জানান, আগের বিজ্ঞপ্তিটি ভুল ছিল না। শুধু কোটা অনুযায়ী কোন জেলার কোন পদ প্রাপ্য, তা উল্লেখ করা ছিল না। তিনি আরও জানান, যেকোনো আবেদন বাতিল করার ক্ষমতা নিয়োগ কর্তৃপক্ষের রয়েছে। প্রত্যেক জেলায় সুষম কর্মচারী নিয়োগ নিশ্চিত করার জন্য এটা করা হয়েছে। তিনি জানান, আগের আবেদনপত্রগুলো বাতিল করা হবে না। কোথাও কোটা পূরণ না হলে এখান থেকে করা হবে। বিষয়টি তিনি বুঝিয়ে রাজশাহীর মেয়র ও স্থানীয় সাংসদকে বলেছেন।