দেড় বছর পর শুরু করতে না করতেই কাজ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক বছরের বেশি সময় ধরে সংস্কারকাজ বন্ধ ছিল। এ নিয়ে ভুক্তভোগী লোকজন মানববন্ধন ও অবরোধ কর্মসূচি পালন করে। প্রতিবাদ-বিক্ষোভের মুখে সমপ্রতি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরু করলেও জমি অধিগ্রহণের ক্ষতিপূরণ আদায় নিয়ে আদালতে মামলা হওয়ায় নতুন করে দেখা দিয়েছে জটিলতা। এ কারণে আবারও বন্ধ হয়ে গেছে গুরুত্বপূর্ণ ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ময়মনসিংহের নান্দাইল চৌরাস্তা গোলচত্বর থেকে কিশোরগঞ্জ পর্যন্ত দুই কিলোমিটার অংশের সংস্কারকাজ। সূত্র জানায়, সড়ক নেটওয়ার্ক উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ প্রকল্প-২-এর আওতায় ঠিকাদারি প্রতিষ্ঠান ‘চায়না জিইও ইঞ্জিনিয়ারিং’ প্রায় দেড় বছর ফেলে রাখার পর চলতি মাসের প্রথম সপ্তাহে মহাসড়কটিতে সংস্কারকাজ শুরু করে। এর আগে প্রতিষ্ঠানটি কিশোরগঞ্জের বিশ্বরোড মোড় থেকে নান্দাইলের মেরেঙ্গা বাজার পর্যন্ত সড়কে কার্পেটিং এবং মুশুলি পর্যন্ত মাটি ভরাটের কাজ শেষ করে। স্থানীয় প্রশাসন ও প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, এরই মাঝে অরণ্যপাশা গ্রামের মো. শামছুদ্দিন ভূমি অধিগ্রহণের কারণে ক্ষতিপূরণ দাবি করে আদালতে মামলা করেন। তিনি দাবি করেন, বিতর্কিত জমিতে সংস্কারকাজ না চালাতে আদালত নিষেধাজ্ঞা দিয়েছেন। এতে প্রতিষ্ঠানটি আকস্মিকভাবে কাজ বন্ধ করে দিয়েছে। কাজ অসমাপ্ত থাকায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকৌশলী মি. রাও, কর্মকর্তা লি পেন ও টুং পা জানান, গত ১৫ ডিসেম্বর নান্দাইল চৌরাস্তা থেকে সড়কে সংস্কারকাজ চালানোর সময় অরণ্যপাশা এলাকার কিছু লোক তাঁদের দিকে তেড়ে আসেন। আদালতের নিষেধাজ্ঞা জারির বিষয়ে কর্মকর্তারা কিছু বলতে পারেননি। তবে প্র্রতিষ্ঠানের সুপারভাইজার মিন্টু রহমান ও জরিপকারক মো. আলমগীর বলেন, জমি অধিগ্রহণের টাকা না পাওয়া পর্যন্ত সড়কের কাজ করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন শামছুদ্দিন মিয়া। এ ব্যাপারে জানতে চাইলে শামছুদ্দিন বলেন, সড়ক ও জনপথ বিভাগ তাঁর জায়গা অধিগ্রহণ করলেও ক্ষতিপূরণ দেয়নি। এ নিয়ে তিনি মামলা করলে আদালত নিষেধাজ্ঞা দিয়েছেন। তাঁর দাবি, নিষেধাজ্ঞার বিষয়টি ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজনকে জানাতে তিনি তাঁদের কাছে গিয়েছিলেন। এদিকে, ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, প্রতিষ্ঠানটি নান্দাইল চৌরাস্তা থেকে প্রায় দুই কিলোমিটার সড়ক বাদ দিয়ে অরণ্যপাশা কমিউনিটি সেন্টারের কাছ থেকে সংস্কারকাজ চালাচ্ছে। নান্দাইল মডেল থানার উপপরিদর্শক খন্দকার জাকির হোসেন বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন থানায় ঘটনাটি জানালে পুলিশ খোঁজ নিয়ে জানতে পারে, সড়কের কিছু জায়গার ওপর দেওয়ানি আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। এতে বিতর্কিত স্থানটুকু বাদ দিয়ে সংস্কারকাজ চালানোর জন্য বলা হয়েছে। নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল হামিদ মিয়া প্রথম আলোকে বলেন, বিষয়টি এখন আদালতে বিচারাধীন। সেখানেই এর সমাধান হতে পারে।