দেড় বছরে দুই শতাধিক নারী ও শিশু পাচার
খুলনায় নারী ও শিশু পাচারের ঘটনা বেড়েছে। গত দেড় বছরে খুলনার বিভিন্ন এলাকা থেকে দুই শতাধিক নারী ও শিশু পাচার করা হয়েছে। একই সময় সীমান্তের বিভিন্ন এলাকা থেকে পাচারের সময় ৩৭৪ জন নারী ও শিশু উদ্ধার করা হয়। বেসরকারি সংস্থা (এনজিও) ওয়ার্ল্ড ভিশন এ তথ্য দিয়েছে।ওয়ার্ল্ড ভিশনের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, খুলনা নগরের খালিশপুর ভাটিয়াপাড়া বস্তির বাসিন্দা আকলিমাকে (ছদ্মনাম) চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে তাঁর এক আত্মীয় গত বছরের ১১ জুন ভারতে পাচার করে। পরে ভারতের একটি মানবাধিকার সংস্থা মুম্বাইয়ের একটি যৌনপল্লি থেকে তাঁকে উদ্ধার করে। নগরের বয়রা শ্মশানঘাট এলাকার এক মুদি দোকানদারের মেয়ে শান্তাকে (ছদ্মনাম) ২০০৯ সালের মাঝামাঝি সময় মিথ্যা পরিচয়ে বিয়ে করে ভারতে পাচার করা হয়।সংস্থাটির দেওয়া তথ্য অনুযায়ী, গত দেড় বছরে খুলনা থেকে পাচারের সময় সীমান্তের বিভিন্ন এলাকায় উদ্ধার হয়েছে ৩৭৪ জন নারী ও শিশু। দারিদ্র্য, বেকারত্ব, অসচেতনতা, যৌতুক ও তালাক—এসবই নারী ও শিশু পাচারের মূল কারণ।ওয়ার্ল্ড ভিশনের পাচার প্রতিরোধবিষয়ক প্রকল্পের ব্যবস্থাপক প্রভাষ চন্দ্র বিশ্বাস বলেন, সিডর ও আইলার কারণে অনেক শিশু তাদের মা-বাবা হারিয়েছে। এ কারণে শিশু পাচারের প্রবণতা বেড়েছে।অনুসন্ধানে জানা গেছে, খুলনা অঞ্চল থেকে পাচারের সবচেয়ে নিরাপদ রুট সাতক্ষীরার ভোমরা ও যশোরের বেনাপোল সীমান্ত। এ ছাড়া সাতক্ষীরার কলারোয়া ও ঝাউডাঙ্গা, চুয়াডাঙ্গার দর্শনা ও জীবননগর সীমান্ত দিয়ে পাচারের ঘটনা ঘটেছে।খুলনার পুলিশ সুপার তানভীর হায়দার চৌধুরী বলেন, ইতিমধ্যে পাচার প্রতিরোধ বিষয় নিয়ে কাজ করা বেসরকারি সংস্থাগুলোর সঙ্গে কয়েক দফা আলোচনা হয়েছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সংঘবদ্ধ চক্রের সদস্যদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।