দেড় বছরে প্রায় সাড়ে ছয় লাখ কর্মী বিদেশে গেছেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, চলতি বছরের মে পর্যন্ত গত প্রায় দেড় বছরে ছয় লাখ ৪১ হাজার ৬৭৫ জন বাংলাদেশি কর্মীকে বিদেশে পাঠানো হয়েছে। একই সময়ে এক লাখ পাঁচ হাজার ৪৪৬ কোটি ৭১ লাখ টাকার প্রবাসী-আয় দেশে এসেছে।জাতীয় সংসদে গতকাল বুধবার পিরোজপুরের সাংসদ আনোয়ার হোসেনের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা জানান। বাজেট পাসের সুবিধার্থে প্রশ্নোত্তরপর্ব টেবিলে উপস্থাপিত হয়। প্রধানমন্ত্রী এ সময় সংসদে উপস্থিত ছিলেন।শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকারের প্রথম ১৮ মাসে লিবিয়া, ইরাক, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান, কঙ্গো, আজারবাইজান, অ্যাঙ্গোলা, সিসিলি ও পাপুয়া নিউগিনিসহ বেশ কয়েকটি দেশে নতুন শ্রমবাজার সৃষ্টি করা হয়েছে। তিনি বলেন, বাংলাদেশি কর্মীদের জন্য ইউরোপ ও আফ্রিকার শ্রমবাজার সম্প্রসারণে সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এ ছাড়া রুমানিয়া, অস্ট্রেলিয়া, রাশিয়া, কানাডা, সুইডেন, যুক্তরাষ্ট্র, সুদান, কোরিয়া, গ্রিস, এস্তোনিয়া, তানজানিয়া, লাইবেরিয়া, আলজেরিয়া, নাইজেরিয়া, বতসোয়ানা, সিয়েরা লিয়নসহ আরও বেশ কয়েকটি দেশে নতুন শ্রমবাজার সৃষ্টির সম্ভাবনা রয়েছে।কুমিল্লার সাংসদ তাজুল ইসলামের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ঢাকাসহ দেশের অন্যান্য শহর ও এলাকা ভূমিকম্পের ঝুঁকির মধ্যে রয়েছে। সে জন্য ভূমিকম্প-পরবর্তী উদ্ধারকাজ পরিচালনার জন্য সরকার কার্যক্রম নিয়েছে। মেহের আফরোজের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিগত চারদলীয় জোট সরকারের সময়ে সন্ত্রাসী হামলায় ১৪ জন সাংবাদিক নিহত হয়েছেন এবং সাংবাদিকদের ওপর হামলা ও পুলিশি হয়রানির ঘটনা ঘটেছে ৩৮৪টি। এর মধ্যে ২০০১ সালে ১২১ জন, ২০০২ সালে ২৮৬ জন, ২০০৩ সালে ২১৭ জন, ২০০৪ সালে ৪৭৭ জন এবং ২০০৫ সালে ২৮৭ জন সাংবাদিক নির্যাতনের শিকার হয়েছেন।চট্টগ্রামের সাংসদ এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, সরকার বিদ্যুৎ অপচয় হ্রাস ও লোড ব্যবস্থাপনার সুবিধার্থে বিদ্যুৎসাশ্রয়ী নানামুখী কার্যক্রম নিয়েছে। এ পরিকল্পনার আওতায় দুই কোটি ৮০ লাখ বিদ্যুৎসাশ্রয়ী বাতি বিতরণের পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে গত ১৯ জুন ২৭টি জেলায় ৫৫ লাখ বিদ্যুৎসাশ্রয়ী বাতি বিতরণ করা হয়েছে। তিনি বলেন, বিদ্যুতের অপচয় রোধে দেশব্যাপী ২০ লাখ প্রিপেইড মিটার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।লক্ষ্মীপুরের নাজিমউদ্দিন আহমেদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, দেশের সব সরকারি কলেজ ও উচ্চবিদ্যালয়ে ইন্টারনেট-ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে সব কলেজ ও অধিকাংশ উচ্চবিদ্যালয়ে তা বাস্তবায়িত হয়েছে। এ ছাড়া ছাত্র-শিক্ষকদের মধ্যে কম্পিউটার প্রযুক্তি সম্প্রসারণের লক্ষ্যে দেশের ৭০০ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এক হাজার ৪০০ ল্যাপটপ দেওয়া হয়েছে।