দেড় বছরে ১০ চালককে হত্যা করে ট্রাক ছিনতাই
উত্তরাঞ্চলের ১৬টি জেলা এবং টাঙ্গাইল ও গাজীপুর মহাসড়কে মালামালভর্তি ট্রাক ছিনতাই করে চালক ও সহকারীকে হত্যার ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে বলে বগুড়ার পুলিশ দাবি করছে। এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে শনিবার রাত থেকে রোববার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে বগুড়া ও নাটোর থেকে সাত ডাকাত ও ছয় সহযোগীসহ ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গত দেড় বছরে উত্তরাঞ্চলে ১০ জন ট্রাকচালক ও সহকারীকে খুন এবং ট্রাক ছিনতাই করার কথা স্বীকার করেছে তারা। বগুড়ার পুলিশ জানায়, ৮ জুন ১৭০ বস্তা গমভর্তি একটি ট্রাক বগুড়া-ঢাকা মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গায় ডাকাতি হয়। ডাকাত দল ট্রাকের চালক রিয়াজুল ইসলাম ও সহকারী মঞ্জুরকে হত্যা করে পালিয়ে যায়। ২৪ জুন একদল যাত্রীবেশী ডাকাত ট্রাকের চালক দেলোয়ার হোসেন ও সহকারী বেলাল হোসেনকে হত্যা করে বগুড়ার নন্দীগ্রাম থানার নাটোর-বগুড়া মহাসড়কের পাশে ফেলে রেখে মালসহ ট্রাকটি নিয়ে পালিয়ে যায়। ২ জুলাই রাতে ৩২০ বস্তা সারভর্তি একটি ট্রাকের চালক মোখলেছুর রহমান ও সহকারী মাসুদকে হত্যা করে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ফেলে রাখা হয়। ৩ জুলাই খালি ট্রাকটি পাওয়া যায়। এসব ঘটনায় মামলার পর পুলিশ তদন্তে নামে। বগুড়ার পুলিশ সুপার হুমায়ুন কবির মহাসড়কে ডাকাতির ঘটনার রহস্য উদ্ঘাটনে সহকারী পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডলের নেতৃত্বে একটি দল গঠন করেন। সেই দলে সহকারী পুলিশ সুপার আশরাফুল ইসলাম, জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মিজানুর রহমান, শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলামসহ কয়েকজন কর্মকর্তাকে অন্তর্ভুক্ত করা হয়। তাঁরা তদন্তের একপর্যায়ে গত শনিবার রাতে শেরপুর উপজেলা থেকে ছিনতাই হওয়া ৩২০ বস্তা সারের মধ্যে ৪৪ বস্তা উদ্ধার এবং ঘটনায় জড়িত সন্দেহে ছয়জনকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, শেরপুর উপজেলার বাগানবাড়ি গ্রামের মাহমুদুল হাসান মুজাহিদ (২০), শেরুয়া বটতলা এলাকার মেহেদী হাসান (২১), পাঁচদেউলী গ্রামের আবদুল হামিদ (২৭), খন্দকারপাড়ার মর্তুজা কাউছার (২২), বারোদুয়ারীপাড়ার ফখরুল ইসলাম (২০) ও মোহাম্মদ হোসেন (২৩)। সহকারী পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল জানান, ২ জুলাই লুট হওয়া ৩২০ বস্তা ইউরিয়া এই ছয়জন কিনেছেন। তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী রোববার গভীর রাতে নাটোরের সিংড়া থানার কলমগ্রাম থেকে এই অপরাধচক্রের সেকেন্ড-ইন-কমান্ড শরিফ মণ্ডলকে গ্রেপ্তার করা হয়। তাঁর স্বীকারোক্তি অনুযায়ী একই রাতে নাটোর সদরের হরিশপুর আমবাগান এলাকা থেকে আরও ছয়জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে উত্তরাঞ্চলের মহাসড়কে ডাকাতচক্রের প্রধান আজাদুল ইসলামও (৩৩) আছেন। গ্রেপ্তার অন্যরা হলেন, নাটোর সদরের ছোট হরিশপুরের বাবু, একই এলাকার হালিম, হাজরা গ্রামের সোহেল, একই গ্রামের আজিজুল ইসলাম, বলাড়িপাড়ার গোলাম রাব্বী। তাঁদের কাছ থেকে পুলিশ গত ৮ জুন ও ২ জুলাই ট্রাক ছিনতাইয়ের সময় ছিনিয়ে নেওয়া দুটি মুঠোফোন উদ্ধার করে। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে বগুড়া পুলিশ সুপারের কার্যালয়ে আন্তজেলা ডাকাত দলের সাতজনসহ ১৩ জনকে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। আরিফুর রহমান মণ্ডল সাংবাদিকদের বলেন, উত্তরাঞ্চলের মহাসড়কগুলোতে মালভর্তি ট্রাক ছিনতাই আর লুটপাটের একটি চক্র রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা এই চক্রের সদস্য। তারা দুটি ভাগে কাজ করত। চক্রের প্রধান আজাদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। আজাদুল জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছেন, গত দেড় বছরে উত্তরাঞ্চলে ১০ জন ট্রাকচালক ও সহকারীকে হত্যা করেছেন তাঁরা। ট্রাক ছিনতাইয়ের পর মালামাল বিক্রির জন্য তাঁদের একটি দল রয়েছে। এই দলটি বগুড়ার শেরপুরের। গ্রেপ্তার হওয়া ছয়জন লুট করা মালামাল শেরপুরে বিক্রি করে। শেরপুরের মর্তুজা কাউছার বলেন, ‘তারা মাল নিয়ে আসে, আমরা কম দাম পাই দেখে তাদের কাছ থেকে কিনি। তারা ডাকাতি করা মাল বিক্রি করে কি না, সেটা আমরা জানি না।’ এই চক্রের প্রধান আজাদুল বলেন, ‘যাত্রীবেশে এসব ডাকাতি করা হয়। বেশি টাকার লোভ দেখিয়ে ট্রাকে উঠি। আমাদের কাছে স্কচটেপ, দড়ি ও গামছা থাকে। যমুনা সেতু পার হওয়ার পর চালকের কাছ থেকে ট্রাকের নিয়ন্ত্রণ নিয়ে তাঁদের হত্যা করে ট্রাকের কেবিনের মধ্যে শুইয়ে রাখি। বগুড়ার শেরপুরে মাল খালাশের পর জায়গামতো ট্রাকসহ লাশ দুটি ফেলে দেওয়া হয়। আজাদুল বলেন, অনেক সময় স্ত্রীকে যাত্রী সাজিয়ে ট্রাকে উঠতে হয়। তাছাড়া ট্রাকচালক নিতে চান না। তিনি স্বীকার করেন, গত ছয় মাসে ছয়জন এবং দেড় বছরে ১০ জন ট্রাকের চালক ও সহকারীকে হত্যা করা হয়। আর এসবের সঙ্গে তিনি জড়িত ছিলেন। আরিফুর রহমান মণ্ডল জানান, আজাদুল প্রতিটি ট্রাক ডাকাতির ঘটনায় চালক হিসেবে কাজ করেন। টাঙ্গাইল থানায় একটি ডাকাতি মামলায় আজাদুল দেড় বছর জেলে ছিলেন। তাঁর তিনজন স্ত্রী। স্ত্রীকে সঙ্গে নিয়েও যাত্রীবেশে তিনি ডাকাতি করেছেন।গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে টাঙ্গাইল, গাজীপুর, নাটোর, নওগাঁ, সিরাজগঞ্জ ও বগুড়ায় মামলা রয়েছে।