কেউ অবসর গ্রহণ করেছেন এক বছর, কেউ দেড় বছর আগে। কিন্তু তাঁদের কেউই এখন পর্যন্ত আনুতোষিক (গ্র্যাচুইটি) ও অবসরভাতা পাননি। বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল) রাজশাহী কার্যালয়ের ১১ কর্মকর্তা-কর্মচারীর ক্ষেত্রে এ রকম ঘটেছে। অবসরভাতা না পেয়ে অর্থকষ্টে দিন কাটছে তাঁদের।
এ বিষয়ে প্রতিষ্ঠানটির রাজশাহী কার্যালয়ের কর্মকর্তারা বলছেন, তাঁরা ফাইল ঢাকায় পাঠিয়েছেন। এখন প্রধান কার্যালয়ে সেই ফাইল আটকে আছে।
অবসর গ্রহণকারী এই ১১ কর্মকর্তা-কর্মচারী হলেন সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইসারউদ্দিন মণ্ডল, আবদুল গাফফার ও হাশেম আলী, সহকারী পরিচালক মিজানুর রহমান, টেলিকম মেকানিক মনসুর রহমান, মনিটর এ এফ এম আবদুল্লাহ সরকার, আমিনুল ইসলাম ও নুরজাহান, সিনিয়র টেলিকম অপারেটর পূরবী রানী সাহা ও জেবুন নেছা এবং লাইনম্যান আমির হোসেন। তাঁদের মধ্যে শুধু ১ জন ছাড়া বাকি ১০ জনেরই অবসর গ্রহণের সময় এক বছরের বেশি হয়ে গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন, দেড় বছর হলো তিনি অবসর গ্রহণ করেছেন। চাকরিজীবন শেষ করে এখন দুশ্চিন্তা ঘিরে ধরেছে। অবসরের টাকা না পেয়ে পরিবার নিয়ে কষ্টে দিন কাটাচ্ছেন। সংসার চালাতে হিমশিম খাচ্ছেন। তিনি আরও বলেন, মাসের পর মাস বিভিন্ন দপ্তরে ঘুরেও কোনো কাজ হচ্ছে না। ঢাকায় প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ে খোঁজ নিয়ে জানতে পেরেছেন, সারা দেশেই এ রকম অনেক কর্মকর্তা-কর্মচারী অবসরভাতার অপেক্ষায় আছেন। কবে নাগাদ ভাতা পাবেন কেউ জানেন না।
জানতে চাইলে বিটিসিএল রাজশাহী কার্যালয়ের মহাব্যবস্থাপক রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, অবসরভাতার ফাইলগুলো অনুমোদন করে ঢাকায় প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে। কেন এখনো তাঁরা (১১ জন) টাকা পাচ্ছেন না তা প্রধান কার্যালয় ভালো বলতে পারবে।