বরিশালের উজিরপুরের পুরোহিত বিপুল কৃষ্ণ চক্রবর্তী (৫৮) হত্যার পর ১ বছর ৭ মাস পার হলেও হত্যাকারীদের শনাক্ত ও হত্যার রহস্য উদ্ঘাটন করতে পারেনি পুলিশ। আসামিদের হুমকির মুখে মামলার বাদী ও তাঁর পরিবারের সদস্যরা আতঙ্কে রয়েছেন।
বিপুল কৃষ্ণ চক্রবর্তী ডব্লিউবি ইনস্টিটিউশনের (উজিরপুর মডেল মাধ্যমিক বিদ্যালয়) সহকারী শিক্ষক (সনাতন ধর্ম) ও হরিওঁম আশ্রমের প্রতিষ্ঠাতা ছিলেন।
মামলার বিবরণ, নিহত ব্যক্তির পরিবার, স্থানীয় লোকজন ও থানার পুলিশ সূত্র জানায়, গত বছরের ২ জানুয়ারি বিপুল কৃষ্ণ চক্রবর্তী (৫৮) বিদ্যালয় ছুটির পর তাঁর পালক মেয়ে কল্পনা রানীকে (৫২) নিয়ে উজিরপুর উপজেলার তাঁরাবাড়ি শিবমন্দিরে ধর্মীয় সভায় যোগদান করেন। সেখান থেকে রাত আটটার দিকে নিজ বাড়ি উপজেলার শিকারপুর ইউনিয়নের মাদারসী গ্রামে রওনা হন। রাত পৌনে নয়টার দিকে বাড়ির কাছে পাঁচ-ছয়জন অজ্ঞাতনামা দুর্বৃত্ত হামলা চালিয়ে বিপুল কৃষ্ণ চক্রবর্তীকে হত্যা করে।
পরের দিন বিপুলের ছোট ভাই স্কুলশিক্ষক আশুতোষ চক্রবর্তী বাদী হয়ে উজিরপুর মডেল থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে মুন্ডপাশা গ্রামের কাওসার মল্লিক (২৫), শিকারপুর গ্রামের আরিফ হোসেন (৩০), পূর্ব ধামসর গ্রামের আমির হাওলাদার (৩৫), সোনার বাংলা বাজারের খলিলসহ ছয়জনকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে তাঁরা উচ্চ আদালত থেকে জামিনে রয়েছেন।
আশুতোষ চক্রবর্তী জানান, মামলার দেড় বছরেও কোনো ক্লু উদ্ঘাটন করতে পারেনি পুলিশ। বর্তমানে মামলাটির তদন্তভার বরিশাল ডিবি পুলিশের পরিদর্শক মো. শাহাব উদ্দিন চৌধুরীর ওপর রয়েছে। বাদী অভিযোগ করেন, ‘জেল থেকে বের হয়ে আসামিরা প্রতিনিয়ত আমাকে ও আমার পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখিয়ে হুমকি দিচ্ছে। সন্ত্রাসীদের হুমকির মুখে পরিবার পরিজন নিয়ে আমি আতঙ্কে রয়েছি।’
মামলার তদন্তকারী কর্মকর্তা ও বরিশাল ডিবি পুলিশের পরিদর্শক মো. শাহাব উদ্দিন চৌধুরী জানান, তিনি তিন মাস ধরে মামলাটি তদন্ত করছেন।