‘আমি স্মার্ট, সাহসী ও বুদ্ধিমান ছেলে। আমি কখনো কোনো বিষয়ে হার মানতে জানি না। অতীতকে নিয়ে শুধু শুধু কষ্ট বাড়াই না বরং অতীত থেকে শিক্ষা গ্রহণ করি। শান্তির জন্য আমার জন্ম। আমি এইচএসসিতে গোল্ডেন জিপিএ-৫ পাবো এবং ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হব। হব বিশ্বের সেরা ডাক্তারদের একজন। মানব সেবায় হব নিবেদিত প্রাণ।’ জীবনের লক্ষ্যটাকে এভাবেই ডায়েরির পাতায় লিখেছিল মাহ্দী হাসান বাবু। কিন্তু ঘাতকেরা তাঁর সে আশা পূরণ হতে দেয়নি। নৃশংসভাবে খুন করা হয় মাহ্দী। দেড় বছর আগে সংঘটিত এই খুনের ঘটনার এখনো কোনো কিনারা করতে পারেনি পুলিশ।চুয়াডাঙ্গা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র মাহ্দী ২০০৯ সালের ১৯ ফেব্রুয়ারি রাতে খুন হয়। রাত আটটার দিকে গ্রামের বাড়ি চুয়াডাঙ্গা পৌর এলাকার কুলচারা থেকে ওষুধ কিনতে চুয়াডাঙ্গা রেলবাজারের উদ্দেশ্যে বের হয় সে। পরদিন সকালে কুলচারা-সাতগাড়ী সড়কের আমিনুল ইসলামের বাঁশ বাগানের ভেতরে তার লাশ পাওয়া যায়। এ ঘটনায় তার বাবা পরদিন সদর থানায় একটি মামলা করেন। মামলায় বিভিন্ন সময়ে সাতজনকে আটক করা হলেও তাঁরা বর্তমানে জামিনে আছেন। মাহ্দীর বাবা স্কুলশিক্ষক আফজালুল বাকী অভিযোগ করেন, দেড় বছর পার হলেও পুলিশ মামলার তদন্তে কার্যত কোনো ভূমিকা রাখেনি। মাহ্দীর মা হোসনে আরা বেগম বলেন, চুয়াডাঙ্গা আলিয়া মাদ্রাসায় অষ্টম শ্রেণীতে পড়ার সময় শহরের শেখপাড়ার এক মেয়ে সহপাঠীর সঙ্গে মাহ্দীর ঘনিষ্ঠতা হয়। পরবর্তীকালে মাহ্দী শিক্ষাপ্রতিষ্ঠান পরিবর্তন করলেও তাদের যোগাযোগ অব্যাহত থাকে। ২০০৮ সালে ওই বান্ধবীর বিয়ে হলে মাহ্দী মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। প্রায় দুই মাস চিকিৎসার পর মাহ্দী সুস্থ হয়ে ওঠে। তার বোন কণা জানান, বিয়ের পরও ওই মেয়েটি মাহ্দীর কাছে ফোন করত। এ নিয়ে দুই পরিবারেই অশান্তি দেখা দেয়। এরই একপর্যায়ে খুন হয় সে। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক শেখ শোয়েব আলী বলেন, মামলার এজাহারে বেশ কিছু ত্রুটি থাকায় কাজ করা কঠিন হয়ে পড়েছে। ইতিমধ্যে মাহ্দীর মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়েছে। শিগগিরই আসামিদের ধরা সম্ভব হবে।