দেড় বছরেও মেলেনি বিদ্যুত থমকে আছে ভবন হস্তান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার মধ্যনগর ইউনিয়নের সুনুইপাড়া গ্রামসংলগ্ন মধ্যনগর ১০ শয্যাবিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রটির ভবনের নির্মাণকাজ শেষ হয়েছে ছয় মাস আগে। সংশ্লিষ্ট কাজের ঠিকাদার ভবনটিতে বিদ্যুৎ–সংযোগ পেতে দেড় বছর আগে নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির কাছে আবেদন করেন। কিন্তু এখনো বিদ্যুৎ–সংযোগ দেওয়া হয়নি ভবনটিতে। ফলে থমকে আছে ভবন হস্তান্তরের কাজ। এতে মা ও শিশু সেবা কার্যক্রম আটকে আছে।

স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সুনামগঞ্জ কার্যালয়, এলাকাবাসী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৪ কোটি ৩৩ লাখ টাকা ব্যয়ে মা ও শিশু কল্যাণ কেন্দ্রটির তিনতলা ভবন, আবাসিক ভবন, গভীর নলকূপ স্থাপন, সংযোগ সড়ক নির্মাণ, বিদ্যুৎ–সংযোগ ও ভবনের চারদিকে দেয়ালসহ উন্নয়ন কাজের ঠিকাদারি পায় সম্রাট এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান। ২০১৬ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে যাবতীয় কাজ সম্পন্ন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তা হস্তান্তরের কথা ছিল। ঠিকাদার ২০১৬ সালের ডিসেম্বরে কাজ শেষ করেন। এর এক বছর আগে ২০১৫ সালের ডিসেম্বরে ভবনে বিদ্যুৎ–সংযোগ দিতে নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির কাছে আবেদন করেন তিনি। কিন্তু এখনো বিদ্যুৎ–সংযোগ দেওয়া হয়নি। ফলে ভবনটি হস্তান্তর করতে পারছেন না তিনি।

 সরেজমিনে গত শনিবার দুপুরে দেখা যায়, নবনির্মিত মা ও শিশু কল্যাণ কেন্দ্রটির গেটে তালা লাগানো। ভবন দুটির কোনোটিতেই নামফলক নেই। ভবনে ও দেয়ালে রং লাগানো হয়নি। কেন্দ্রটির দক্ষিণ পাশের দেয়ালের নিচ দিয়ে ফাঁকা রয়ে গেছে। সীমানাপ্রাচীরের ভেতরে ভবন চত্বরে পর্যাপ্ত মাটি ফেলা হয়নি।

মধ্যনগর বাজারের বাসিন্দা গৃহিণী মাকসুদা বেগম বলেন, সঠিক চিকিৎসার অভাবে এখানে প্রায়ই মা ও শিশুর মৃত্যু ঘটে। কেন্দ্রটি চালু হলে মা ও শিশুর পক্ষে স্বাস্থ্যসেবা পাওয়া সহজ হবে। মৃত্যুর হার কমবে। তাই দ্রুত কেন্দ্রটি চালু করার উদ্যোগ নিতে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি জানান।

সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান প্রবীর বিজয় তালুকদার বলেন, মধ্যনগর থানার অধীন চারটি ইউনিয়নে লক্ষাধিক মানুষের বাস। দ্রুত মা ও শিশু কল্যাণ কেন্দ্রটির অসমাপ্ত কাজ শেষ করে এটি চালু করা হলে স্থানীয় মা ও শিশু স্বাস্থ্যসেবায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি মত প্রকাশ করেন।

স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সুনামগঞ্জ কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মনিরুল হক বলেন, বিদ্যুৎ–সংযোগ না পাওয়ায় ঠিকাদার ভবনটি হস্তান্তর করতে পারছেন না।

এদিকে ঠিকাদার মোয়াজ্জেম হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। তবে নিজেকে ঠিকাদারের ব্যবসায়িক অংশীদার বলে দাবি করে শাহাদাত হোসেন বলেন, নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির কাছে দেড় বছর আগে বিদ্যুতের জন্য আবেদন করা হলেও এখনো তা পাওয়া যায়নি। বিদ্যুৎ–সংযোগ পেলে আগামী এক সপ্তাহের মধ্যে অসমাপ্ত কাজ সম্পন্ন করে কর্তৃপক্ষের কাছে ভবনটি হস্তান্তর করা হবে।

নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক (জিএম) মজিবুর রহমান ছুটিতে থাকায় তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তবে ওই কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (জিএম কারিগরি) বাবুল হোসেন বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখব।’

জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মোজাম্মেল হক বলেন, এখনো ওই মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি হস্তান্তর করা হয়নি। ভবন হস্তান্তরের কাজ শেষ হলে সেখানে মা ও শিশু স্বাস্থ্যসেবা কার্যক্রম শুরু করা হবে।

স্থানীয় সাংসদ মোয়াজ্জেম হোসেন রতন বলেন, ‘মধ্যনগর মা ও শিশু কল্যাণ কেন্দ্রটিতে বিদ্যুৎ–সংযোগ বিলম্বিত হওয়ার বিষয়টি পরিকল্পনা বিভাগ ও ঠিকাদার কোনো পক্ষেই আমাকে জানায়নি। খোঁজ নিয়ে দ্রুত এ সমস্যা সমাধানে পদক্ষেপ নেওয়া হবে।’