দেড় বছরেও শশীদলে রেলগেট নির্মিত হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম রেলপথে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল রেলস্টেশনসংলগ্ন রেলগেট নির্মাণ এবং গেটম্যানদের পাহারার জন্য স্থায়ী স্থাপনা তৈরির প্রতিশ্রুতি গত দেড় বছরেও পূরণ হয়নি। রোদ-বৃষ্টির মধ্যে চরম কষ্টে দায়িত্ব পালন করতে হচ্ছে পাহারারত গেটম্যানদের।রেলওয়ে ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম রেলপথের শশীদল রেলস্টেশনসংলগ্ন রেলগেট দিয়ে প্রতিদিন শত শত বাস, অটোরিকশা ও অন্যান্য যানবাহন চলাচল করে। রেলগেটটি অনুমোদনহীন থাকায় সেখানে কোনো গেটম্যান ছিল না। এ অবস্থায় ২০১১ সালের ১৯ ফেব্রুয়ারি আন্তনগর একটি ট্রেনের সঙ্গে যাত্রীবাহী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে গেলে ১৬ জন নিহত ও ২০ জন আহত হয়।এ দুর্ঘটনার পর প্রশাসন ও রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করে রেলগেট নির্মাণের প্রয়োজনীয়তা অনুভব করেন। রেলগেট না থাকাকে দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে রেলওয়ে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে উল্লেখ করা হয়। পরে স্থানীয়দের দাবির মুখে দ্রুত রেলগেট নির্মাণের নিশ্চয়তা দেন রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। তাৎক্ষণিক অস্থায়ীভাবে গেট স্থাপন ও দৈনিক মজুরির ভিত্তিতে দুই ব্যক্তিকে গেটম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। কিন্তু দেড় বছর পেরিয়ে গেলেও স্থায়ীভাবে সেই রেলগেট নির্মাণ করা হয়নি। অন্যদিকে অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া গেটম্যানদের জন্য কোনো স্থায়ী স্থাপনা নির্মাণ না করায় তাঁরাও তীব্র শীত ও বর্ষায় চরম কষ্টের মধ্যে দায়িত্ব পালন করছেন।গেটম্যান মোতালেব হোসেন বলেন, ‘১৫০ টাকা মজুরিতে প্রতিদিন ১২ ঘণ্টা দায়িত্ব পালন করি। বর্ষায় খোলা জায়গায় থেকে দায়িত্ব পালন করে অসুস্থ হয়ে পড়ছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার জানিয়েও কোনো ফল পাইনি।’শশীদল রেলস্টেশনের সহকারী স্টেশনমাস্টার জাহাঙ্গীর আলম বলেন, গেটম্যানদের স্থায়ী স্থাপনা না থাকায় শীত ও বর্ষায় তাঁদের পাহারা দিতে কষ্ট হচ্ছে। তাঁদের জন্য দ্রুত স্থায়ী স্থাপনা ও গেট নির্মাণ করা দরকার।জানতে চাইলে রেলওয়ের কুমিল্লার জ্যেষ্ঠ উপসহকারী প্রকৌশলী (ওয়ার্কস) শাহাদাত হোসেন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘শশীদল রেলগেটটি নির্মাণের জন্য রেলওয়ে কর্তৃপক্ষ সচেতন আছে। বরাদ্দপ্রাপ্তি সাপেক্ষে রেলগেটটি নির্মাণের কাজ শুরু হবে।’ রেলওয়ের পূর্বাঞ্চল বিভাগের বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) সুকুমার ভৌমিক বলেন, ‘শশীদল রেলগেটটি নির্মাণ করার জন্য রেলওয়ের প্রধান প্রকৌশলীর কার্যালয় থেকে নকশাসহ যাবতীয় কাজ সম্পন্ন করে অর্থ প্রাপ্তির জন্য আবেদন পাঠানো হয়েছে। অর্থ ছাড় পেলে গেটটি নির্মাণের কাজ শুরু হবে।’