জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হরোন্দা-সিরইল সড়ক পাকা করার কাজ দেড় বছরেও শেষ হয়নি। ঠিকাদারের গাফিলতিতে এ কাজ শেষ হয়নি বলে অভিযোগ পাওয়া গেছে। এতে এ উপজেলার ১২টি গ্রামের প্রায় ২০ হাজার মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের জয়পুরহাট ও পাঁচবিবি কার্যালয় সূত্রে জানা গেছে, অগ্রাধিকার ভিত্তিতে ২০০৯-১০ অর্থবছরে আইআরআইডিপি প্রকল্পের আওতায় সড়কটি পাকা করার উদ্যোগ নেওয়া হয়। মেসার্স লিউ এন্টারপ্রাইজ নামের ঢাকার একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি পায়। ২০১০ সালের ১২ অক্টোবর কার্যাদেশ দেওয়া হয়। ঠিকাদারি প্রতিষ্ঠান ওই বছরের ৩ নভেম্বর কাজ শুরু করে। দরপত্রের নির্দেশনা অনুযায়ী ২০১১ সালের ৩ আগস্ট কাজ শেষ করার কথা। ইতিমধ্যে এই ঠিকাদারি প্রতিষ্ঠান ওই সড়কের ৯৮১ মিটার পাকাকরণের কাজের অনুকূলে আট লাখ ৭৬ হাজার ১৮০ টাকার বিল তুলেছে। এ কাজের জন্য মোট ২৭ লাখ দুই হাজার ৮২৬ টাকা বরাদ্দ দেওয়া হয়। এলজিইডি সূত্রে আরও জানা গেছে, ইট-খোয়া বিছিয়ে ঢালাইয়ের পর পিচ দিয়ে কোটসিলিং করার কথা। ইট বিছানোর পর কোথাও কোথাও খোয়া বিছানো দেখা গেছে। ২৮ জানুয়ারি সরেজমিনে ঘুরে দেখা গেছে, রাস্তার অনেক স্থানে খোয়া নেই। কিছু স্থানে খোয়া ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে। স্থানীয় কুসুম্বা ইউনিয়ন পরিষদের সদস্য হেলাল উদ্দিন বলেন, এ সড়ক দিয়ে আশপাশের হরোন্দা, বৃদ্ধিগ্রাম, আবাড়পাড়া, জয়হার, কাটাপুকুর, মঠপাড়া, সারাড়পাড়া, কদমপুকুর, কাশিয়াচাপড়, বেড়াখাই, বেলখুর, শুকুরময়ী গ্রামের লোক চলাচল করে। এ পর্যন্ত এক-তৃতীয়াংশ কাজও শেষ হয়নি। আবাড়পাড়া গ্রামের সাইফুল ইসলাম বলেন, ‘সড়কের কাজ বন্ধ থাকায় বর্ষাকালে আমাদের চলাচলের খুব সমস্যা হয়। তিন বছর আগে কাজ শুরু হলেও রহস্যজনক কারণে কাজ বন্ধ হয়ে গেছে।’ ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক সোহেল ঠাকুর দাবি করেন, কাজ চালু আছে। কাজ শেষ করার জন্য সময় বাড়ানোর আবেদন করা হয়েছে। এলজিইডির জয়পুরহাট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী লুৎফর রহমান জানান, হরোন্দা-সিরইল সড়কের কাজ সময়মতো শেষ না হওয়ায় ঠিকাদারি প্রতিষ্ঠানকে শোকজ করা হয়েছে। এখনো জবাব পাওয়া যায়নি।