দেড় বছরেও সংস্কার হয়নি পাঁচ সেতুর, ভোগান্তি

বন্যায় বিধ্বস্ত গাইবান্ধার ফুলছড়ি উপজেলার পাঁচটি সেতু প্রায় দেড় বছরেও সংস্কার করা হয়নি। সেতুস্থলে বাঁশের সাঁকো নির্মাণ করা হলেও সেগুলো ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এতে মানুষ ভোগান্তির শিকার হচ্ছে।
বিধ্বস্ত সেতুগুলো হচ্ছে ফুলছড়ির কালিরবাজার-গুণভরি সড়কে নির্মিত পূর্বছালুয়া সেতু, উদাখালি-সিংড়িয়া সড়কে নির্মিত পশ্চিম ছালুয়া বেইলি সেতু, একই সড়কে হঠাৎপাড়া সেতু, গুণভরি-বাদিয়াখালি সড়কে নির্মিত হাজিরহাট সেতু ও কালিরবাজার-মাছেরভিটা সড়কে নির্মিত দক্ষিণ বুড়াইল সেতু।
সেতুগুলো বিধ্বস্ত হওয়ায় উপজেলা সদরের সঙ্গে সড়ক পথে উদাখালি ইউনিয়নের পূর্ব ছালুয়া, পশ্চিম ছালুয়া, হঠাৎপাড়া, হাজিরহাট ও দক্ষিণ বুড়াইল এই পাঁচ গ্রামের যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
ফুলছড়ি এলজিইডি কার্যালয় ও এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, বন্যার পানির স্রোতে গত বছরের আগস্ট মাসে উপজেলার উদাখালি ইউনিয়নের সিংড়িয়া রতনপুর এলাকায় ব্রহ্মপুত্র বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে যায়। সে সময় পানির চাপে ওই ইউনিয়নের ওই পাঁচটি সেতু বিধ্বস্ত হয়। এ ছাড়া বিধ্বস্ত সেতুসংলগ্ন প্রায় ৩৫ কিলোমিটার পাকা সড়ক ক্ষতিগ্রস্ত হয়। বন্যার পর উপজেলা এলজিইডি অস্থায়ীভাবে বিধ্বস্ত পাঁচটি সেতুস্থলে বাঁশের সাঁকো নির্মাণ করে। এতে ব্যয় হয় প্রায় তিন লাখ টাকা। তখন থেকে সাঁকোর ওপর দিয়ে বাইসাইকেল, মোটরসাইকেল, রিকশাভ্যান, ব্যাটারিচালিত অটোরিকশা ও লোক চলাচল শুরু করে। কিন্তু সাঁকোগুলো দিয়ে ভারী যানবাহন চলাচল করতে পারে না।
দুটি বাঁশের সাঁকো গতকাল শনিবার সকালে ঘুরে দেখা যায়, বিধ্বস্ত সেতুর দুপাশে পাকা সড়ক। মাঝখানে বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে সাঁকো। নির্মাণের পর সাঁকোগুলো সংস্কার না করায় খুঁটির নিচের অংশ পচে নড়বড়ে হয়ে পড়েছে। ওপরে উঠলে সাঁকো দোলে। এর মধ্যেই ঝুঁকি নিয়ে রিকশাভ্যান ও হেঁটে লোকজন চলাচল করছে।
সেতুর ছবি তোলার সময় হঠাৎপাড়া গ্রামের রিকশাচালক আবদুর রশিদ বলেন, ‘মালামাল নিয়ে সাঁকোর ওপরে উঠলে সাঁকো ঢোলাঢুলি করে। ভয় নাগে কখন পড়ি যাই। আর কয়দিন কষ্ট করমো ভাই। ভালো করি নেকেন। সরকার যানি হামারঘরে বিরিজ বানে দ্যায়।’ একই গ্রামের কৃষক বাবলু মিয়া বলেন, ‘বান হচে কোনো দিন, একনো বিরিজ হলো না। সাঁকো দিয়ে হামারঘরে গায়োত গাড়ি আসে না।’
পূর্ব ছালুয়া গ্রামের ব্যবসায়ী শাহ আলম বলেন, রিকশাভ্যান চলাচল করলেও এক বছর চার মাস ধরে ওই সব সড়কে কোনো ভারী যানবাহন চলছে না। ফলে উদাখালি ইউনিয়নের পাঁচটি গ্রামের ব্যবসায়ীরা মালামাল পরিবহন করতে পারছেন না। তাঁদের পাঁচ-ছয় কিলোমিটার ঘুরে মালামাল বহন করতে হচ্ছে। দক্ষিণ বুড়াইল গ্রামের স্কুলশিক্ষক আমিনুল ইসলাম বলেন, ওই সব গ্রামের স্কুল-কলেজগামী ছেলেমেয়েদের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রকৌশলী আখতারুল আহসান গতকাল সকালে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, জনদুর্ভোগের কথা বিবেচনা করে ক্ষতিগ্রস্ত সেতুস্থলে সাময়িকভাবে বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে। সেতু নির্মাণের জন্য প্রায় দুই কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে ওই সব স্থানে নতুন করে সেতু নির্মাণ করা হবে।