দেড় বছরেও সন্ধান মেলেনি সাবিনার
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার নারান্দি গ্রামের কিশোরী মোছা. সাবিনা (১৫) নিখোঁজ হওয়ার দেড় বছর পেরিয়ে গেলেও তার সন্ধান পাওয়া যায়নি। মামলার তদন্ত কর্মকর্তা চট্টগ্রাম, ঢাকাসহ বিভিন্ন এলাকায় তৎপরতা চালালেও সাবিনার হদিস পাননি বলে দাবি করেছেন। সাবিনার পরিবারের সদস্যদের ধারণা, সাবিনাকে পাচার অথবা হত্যা করে লাশ গুম করা হয়েছে। পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ২০১০ সালের ১ অক্টোবর উপজেলার নারান্দি গ্রামের দরিদ্র দিনমজুর গিয়াসউদ্দিন তাঁর মেয়ে সাবিনাকে পাকুন্দিয়া পৌর এলাকার নূরুল ইসলামের বাড়িতে গৃহকর্মী হিসেবে পাঠান। কিছুদিন পর গিয়াসউদ্দিন ও তাঁর স্ত্রী মেয়েকে দেখতে নূরুল ইসলামের বাড়িতে যান। কিন্তু তিনি মেয়েকে দেখতে পাননি। নূরুল ইসলাম জানান, সাবিনাকে পাকুন্দিয়া গ্রামের হেলালউদ্দিনের মেয়ে সানজিউল হোসনার চট্টগ্রামের বাসায় পাঠানো হয়েছে। এরপর চট্টগ্রামে গিয়ে সেখানে সাবিনাকে পাওয়া যায়নি। সানজিউল হোসনা ও তাঁর স্বামী এ কে এম আবদুল্লাহ আল-মামুন জানান, সাবিনাকে ঢাকায় তাঁদের এক আত্মীয়ের বাসায় পাঠানো হয়েছে। গিয়াসউদ্দিন ও তাঁর স্ত্রী মেয়েকে তাৎক্ষণিক ফেরত চাইলে নূরুল ইসলাম, হেলাল উদ্দিন চৌধুরী, আবদুল্লাহ আল-মামুন ও সানজিউল হোসনা তাঁদের ৫০ হাজার টাকার বিনিময়ে সাবিনার দাবি ছেড়ে দিতে বলেন। এতে তাঁরা রাজি না হলে হুমকি দিয়ে বাসা থেকে বের করে দেওয়া হয়। পরে গিয়াসউদ্দিন বাদী হয়ে ওই চারজনকে আসামি করে কিশোরগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে একটি এজাহার দায়ের করেন। সাবিনার বাবা গিয়াসউদ্দিন বলেন, ‘আমার ধারণা, মেয়েটিকে নারী পাচারকারী দল বা নারী ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে অথবা হত্যা করে লাশ গুম করা হয়েছে।’ জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা পাকুন্দিয়া থানার উপপরিদর্শক (এসআই) হাসান আল-মামুন শুক্রবার প্রথম আলোকে জানান, মামলাটি দীর্ঘ তদন্ত করা হয়েছে। তদন্তকালে জানা গেছে, সাবিনা চট্টগ্রামের বাসায় কাজ করার সময় অগ্নিদগ্ধ হয়। তাকে ২০১০ সালের ৪ অক্টোবর চট্টগ্রাম মেডিকেল কলেজের ২৭ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সুস্থ হয়ে ২ নভেম্বর বাসায় ফিরে আসে। সেসব কাগজপত্র পুলিশের কাছে আছে। তিনি আরও জানান, ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন জায়গায় খোঁজ নেওয়া হয়েছে। কিন্তু কোথাও মেয়েটির সন্ধান মেলেনি। উল্লেখ্য, এ মামলার ব্যাপারে শুক্রবার আসামি সানজিউল হোসনা ও তাঁর স্বামীর সঙ্গে মুঠোফোনে কথা হয়। এ সময় তাঁরা দাবি করেন, সাবিনা বাসার নিচে পত্রিকা আনতে গিয়ে নিখোঁজ হয়। এর ১৫ মিনিট পর অন্য একটি নম্বর থেকে অজ্ঞাত এক ব্যক্তি এ প্রতিবেদককে হুমকি দিয়ে বলেন, ‘আমি গোয়েন্দা সংস্থার কর্মকর্তা। এ মামলা নিয়ে ঊর্ধ্বতন একটি কমিটি তদন্ত করছে। আপনার মুঠোফোনের কথা আমাদের নেটওয়ার্কে উঠে গেছে। তদন্তের সময় আপনাকে ডাকা হবে। এর আগে আপনি সংবাদ করবেন না।’ মুঠোফোনে এ হুমকির বিষয়টি কিশোরগঞ্জ পুলিশ সুপার মীর রেজাউল আলমকে জানানো হয়েছে।