পিরোজপুরের কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবন নির্মাণের কাজ পাঁচ বছরেও শেষ হয়নি। অথচ কাজটি দেড় বছরে শেষ করার কথা ছিল। ঠিকাদারের গাফিলতির কারণে কাজ শেষ হচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে। এতে রোগী, চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা ভোগান্তি পোহাচ্ছেন।কাজটির তদারকির দায়িত্বে থাকা পিরোজপুর স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী এনামুল কবীর জানান, ঠিকাদারি প্রতিষ্ঠান এ পর্যন্ত মোট কাজের ১৫ ভাগ শেষ করেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করার লক্ষ্যে ২০০৮ সালে দরপত্র আহ্বান করা হয়। এর আওতায় স্বাস্থ্য কমপ্লেক্সের দ্বিতল ভবন ও চিকিৎসক-কর্মচারীদের জন্য আবাসিক ভবন নির্মাণ এবং পুরোনো স্বাস্থ্য কমপ্লেক্স ভবন ও আবাসিক ভবন সংস্কার করার কথা। এ জন্য সাড়ে পাঁচ কোটি টাকা বরাদ্দ করা হয়। বরিশালের বটতলা এলাকার মেসার্স নূরী এন্টারপ্রাইজ কাজটি পায়।পিরোজপুর স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২০০৮ সালের ২০ জুন ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয়। ঠিকাদারি প্রতিষ্ঠান ওই বছরের ২৫ আগস্ট কাজ শুরু করে। একই সময় নাজিরপুর, ভান্ডারিয়া ও স্বরূপকাঠী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নির্মাণকাজ শুরু হয়ে যথাসময়ে শেষ হয়ে গেছে। সম্প্রতি কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় গেলে দেখা যায়, কাজ বন্ধ আছে। চিকিৎসক ও কর্মচারীদের জন্য নির্মিত দ্বিতল ভবনের প্রতিটিতে ছাদ ঢালাইয়ের কাজ হয়েছে।উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির জানান, স্বাস্থ্য কমপ্লেক্সের নির্মাণকাজের ঠিকাদার নাসির উদ্দিন একজন প্রতিমন্ত্রীর ভাই। এ কারণে তিনি হয়তো নিজের ইচ্ছামতো কাজ করছেন। তবে নাসির উদ্দিন বলেন, ‘তহবিল সংকট থাকায় কাজে একটু বিলম্ব হয়েছে। এখন সংকট কেটে গেছে। দ্রুত কাজটি শেষ করার চেষ্টা করছি।’উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ছিদ্দিকুর রহমান বলেন, কাজ শেষ করার জন্য একাধিকবার ঠিকাদারি প্রতিষ্ঠানকে চিঠি দেওয়া হয়েছে। তারা বিষয়টি আমলে নিচ্ছে না। স্থানীয় সাংসদ শাহ্ আলম বলেন, ঠিকাদারের সঙ্গে এ বিষয়ে কথা বললে তিনি কিছু মালপত্র এনে কাজ করেন, আবার তা বন্ধ রাখেন। কাজটি বন্ধ থাকায় জনগণের অনেক ক্ষোভের কথা শুনতে হয়।