কিশোরগঞ্জের নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন চারটি ভবনের নির্মাণকাজ সাড়ে চার বছরেও শেষ হয়নি। অথচ কাজটি করার কথা ছিল দেড় বছরে। নতুন ভবন চালু না হওয়ায় হাসপাতালের ৫০ শয্যার কার্যক্রম শুরু করতে পারছে না কর্তৃপক্ষ। রোগীরা পোহাচ্ছে চরম দুর্ভোগ।অভিযোগ পাওয়া গেছে, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যথাযথ তদারকি না থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। কিশোরগঞ্জ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে জানানো হয়েছে, প্রয়োজনে আগের ঠিকাদারকে বাতিল করে নতুন করে টেন্ডার আহ্বান করে বাকি কাজ শেষ করা হবে।জানা গেছে, ৩১ শয্যার হাসপাতালটি ৫০ শয্যায় উন্নীত হওয়ার পর হাসপাতালের পুরোনো ভবন সংস্কারসহ নতুন চারটি ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। দোতলা হাসপাতাল ভবন, চিকিৎসকদের দোতলা আবাসিক ভবন, দ্বিতীয় শ্রেণীর কর্মচারীদের আবাসিক ভবন ও তৃতীয় শ্রেণীর কর্মচারীদের তিনতলা আবাসিক ভবন নির্মাণ এবং পুরোনো হাসপাতাল ভবন সংস্কারের পাঁচ কোটি ১৪ লাখ টাকার কাজটি পায় ঢাকার মেসার্স কাজল বিল্ডার্স নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। ২০০৮ সালের জুন মাসে নির্মাণকাজ শুরু হয়। ২০০৯ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে ভবনগুলো হাসপাতাল কর্তৃপক্ষকে বুঝিয়ে দেওয়ার কথা। দেড় বছরে সব কাজ শেষ করার কথা থাকলেও গত প্রায় সাড়ে চার বছরে অর্ধেক কাজও হয়নি। যে গতিতে কাজ চলছে, তাতে ঠিকাদারের পক্ষে ২০১৩ সালের মধ্যেও ভবনটি কর্তৃপক্ষকে বুঝিয়ে দেওয়া সম্ভব কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।হাসপাতাল সূত্র জানায়, ঠিকাদারি প্রতিষ্ঠান মাঝেমধ্যে শ্রমিক পাঠিয়ে একটা বিল করার মতো কাজ করে উধাও হয়ে যায়। ছয় মাস পর আবার কিছু শ্রমিক পাঠানো হয়। এভাবেই চলছে গত প্রায় সাড়ে চার বছর। সর্বশেষ নয় মাস কাজ বন্ধ থাকার পর কয়েক দিন আগে আবার কিছু শ্রমিক পাঠানো হয়েছে। তাঁরা হয়তো কিছুদিন এটা-সেটা করে উধাও হয়ে যাবেন।সূত্র জানায়, ঠিকাদারি প্রতিষ্ঠানটি মাঝেমধ্যে কিছু শ্রমিক পাঠিয়ে যে কাজ করছে, তার মানও খুব খারাপ। সরেজমিনে গিয়ে দেখা যায়, কাজ না করে দীর্ঘদিন ফেলে রাখায় অর্ধসমাপ্ত ভবনগুলো রীতিমতো টয়লেটে পরিণত হয়েছে। দিন-রাত বসছে মাদকাসক্তদের জমজমাট আসর। অসামাজিক কার্যকলাপের জন্যও অপরাধীরা ভবনগুলো বেছে নিচ্ছে বলে জানা গেছে। এসব উৎপাতে কর্তৃপক্ষসহ এলাকাবাসীও অতিষ্ট হয়ে উঠেছে।নিকলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. এহসানুল হক প্রথম আলোকে জানান, অনেক আগেই জরাজীর্ণ হয়ে আছে পুরোনো হাসপাতাল ভবন। এটির সংস্কারকাজও করার কথা ছিল। নতুন ভবন তৈরির সঙ্গে পুরোনোটি সংস্কারের কাজ যুক্ত থাকায় পুরোনোটি আদালাভাবে সংস্কারের উদ্যোগও নেওয়া যাচ্ছে না। হাসপাতালের দরজা-জানালা সব ভেঙে যাচ্ছে। পয়ঃপ্রণালী ও পানিনিষ্কাশনব্যবস্থা নষ্ট হয়ে গেছে। বৃষ্টি হলে রোগীদের শরীরে পানি পড়ে। অবস্থা এমন, পারতপক্ষে রোগীরা এই হাসপাতালে ভর্তি হতে চায় না।কিশোরগঞ্জ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, কাজ শেষ করার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে বারবার তাগিদ দিয়েও কোনো কাজ হচ্ছে না।স্বাস্থ্য বিভাগের কিশোরগঞ্জের নির্মাণ, রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনা বিভাগের (সিএএমএমইউ) নির্বাহী প্রকৌশলী জিয়াউল হাসান জানান, ঠিকাদারি প্রতিষ্ঠানটির কাজ নিয়ে তিনি হতাশায় আছেন। কাজ দ্রুত শেষ করতে তাদের কয়েকটি চিঠি দেওয়া হয়েছে। এতে কাজ না হলে কার্যাদেশ বাতিল করে নতুন করে দরপত্র আহ্বান করা হবে।তবে, নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র জানায়, ঠিকাদারি প্রতিষ্ঠানটি খুবই প্রভাবশালী। তাই তদারক প্রতিষ্ঠানও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভয় পাচ্ছে।হাসপাতালে গিয়েও ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স কাজল বিল্ডার্সের কোনো লোক বা প্রতিনিধিকে খুঁজে পাওয়া যায়নি। কাজল বিল্ডার্সের কোনো দায়িত্বশীল কর্মকর্তার সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি।তবে, কাজল বিল্ডার্সের প্রতিনিধি নূরুল ইসলামের সঙ্গে কিছুদিন আগে হাসপাতাল চত্বরে কথা হয়েছিল। তিনি তখন বলেছিলেন, তাঁদের কিছু সমস্যা ছিল, তাই কাজটি ঠিকমতো করা যায়নি। এখন প্রয়োজনে কয়েক শ শ্রমিক একসঙ্গে কাজে লাগিয়ে হলেও কাজটি দ্রুত শেষ করার ইচ্ছা আছে।কিশোরগঞ্জের সিভিল সার্জন হুসাইন সারোয়ার প্রথম আলোকে বলেন, এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।