দেড় বছরের নির্মাণকাজ শেষ হয়নি চার বছরেও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সখীপুর উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের খোলাঘাটা এলাকায় বংশাই নদের ওপর নির্মিত খোলাঘাটা সেতুটির নির্মাণ কাজ গত চার বছরেও শেষ হয়নি। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো
সখীপুর উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের খোলাঘাটা এলাকায় বংশাই নদের ওপর নির্মিত খোলাঘাটা সেতুটির নির্মাণ কাজ গত চার বছরেও শেষ হয়নি। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো

কার্যাদেশ পাওয়ার দেড় বছরের মধ্যে সেতুটির নির্মাণকাজ শেষ করার শর্ত ছিল। কিন্তু চার বছরেও তা করা হয়নি। এ অবস্থা টাঙ্গাইলের সখীপুর উপজেলায় বংশাই নদের ওপরের খোলাঘাটা সেতুটির। এটি সখীপুর-খোলাঘাটা-বাসাইল সড়কে অবস্থিত।
এলাকাবাসীর অভিযোগ, ঠিকাদারের গাফিলতির কারণে সেতুটির কাজ ঝুলে আছে। এ কারণে দুর্ভোগহচ্ছে তাঁদের।
স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) সূত্রে জানা যায়, সখীপুর উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের খোলাঘাটা এলাকায় ৯০ মিটার দৈর্ঘ্যের সেতুটি নির্মাণে প্রাক্কলন ব্যয় ধরা হয় চার কোটি ৬১ লাখ ৯৫ হাজার টাকা। মেসার্স রহমান কনস্ট্রাকশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি পায়। সেতুটি নির্মাণের জন্য প্রতিষ্ঠানটিকে ২০১৩ সালের ২৬ ডিসেম্বর কার্যাদেশ দেওয়া হয়। কিন্তু এখনো তা শেষ হয়নি। ইতিমধ্যে সেতুটির ৭৫ ভাগ কাজ শেষ হয়েছে। আগামী জুনের মধ্যে বাকি কাজ শেষ করতে ঠিকাদারকে চাপ দেওয়া হয়েছে।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, ছয়জন শ্রমিক সেতুর কাজ করছেন। নাম প্রকাশ না করার শর্তে তাঁদের মধ্যে একজন বলেন, যেভাবে কাজ চলছে, এভাবে চলতে থাকলে, কাজটি শেষ হতে আরও বছর খানেক সময় লেগে যেতে পারে।
দাড়িয়াপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ও ওই এলাকার বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, বর্ষাকালে খেয়া নৌকায় করে নদী পার হয়ে দুই উপজেলাবাসীকে পারাপার হতে হয়। মালামাল বা পণ্য পরিবহনে কয়েক কিলোমিটার ঘুরে যেতে হয়। সেতুটি নির্মিত হলে দুটি উপজেলার হাজার হাজার মানুষের যাতায়াত সুবিধা হবে। কিন্তু এত দিনেও এটির কাজ শেষ হচ্ছে না।
স্থানীয় বাসিন্দা আবদুল হাই বলেন, ‘সেতুটির কাজ শুরু থেকেই ধীর গতিতে চলছে। একদিন কাজ করলে চার-পাঁচ দিন আর খবর থাকে না।
ঠিকাদারি প্রতিষ্ঠানটির মালিক নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘মূল ঠিকাদার আমার ভাইয়ের মৃত্যুর কারণে নির্মাণকাজে একটু ধীর গতি ছিল। এখন খুব দ্রুত সময়ের মধ্যে নির্মাণকাজ শেষ হবে।’
এ ব্যাপারে উপজেলা এলজিইডির প্রকৌশলী কাজী ফাহাদ কুদ্দুছ গত সোমবার বলেন, ‘এলজিইডির বড় সেতু নির্মাণ (এলবিসি) প্রকল্পের পরিচালক আবদুস সালাম মণ্ডল ৬ মে বিকেলে সেতুটি পরিদর্শনে এসেছিলেন। সেতুটির কাজের ধীর গতি দেখে ঠিকাদারকে চাপ দিয়ে গেছেন। আমাদের কার্যালয় থেকেও সেতুটির নির্মাণকাজ সঠিক সময়ে শেষ করার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে বারবার তাগিদ দেওয়া হয়েছে।’