চট্টগ্রাম বন্দরের ২০ কিলোমিটারের মধ্যে থাকা বেসরকারি কনটেইনার ডিপোগুলো শহরের বাইরে সরিয়ে নেওয়ার সুপারিশ করা হয়েছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের উপদেষ্টা কমিটি আগামী দেড় বছরের মধ্যে এসব ডিপো সরিয়ে নেওয়ার সুপারিশ করেছে।
গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রাম বন্দর প্রশিক্ষণ ইনস্টিটিউটে উপদেষ্টা কমিটির ১১তম সভায় এই সুপারিশ উত্থাপন করা হয়। কমিটি ১০টি সুপারিশ করেছে। কমিটির সভাপতি নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান সভা শেষে এসব সুপারিশ পড়ে শোনান।
অন্য সুপারিশগুলোর মধ্যে রয়েছে বে টার্মিনাল ২০২১ সালের মধ্যে চালু করা, নৌবাহিনীর মাধ্যমে সরাসরি ক্রয়পদ্ধতিতে ক্যাপিটাল ড্রেজিংয়ের কাজ চালু করা, মহেশখালের মুখে জলকপাট নির্মাণে দ্রুত সিদ্ধান্ত নেওয়া, বন্দরের জন্য যন্ত্রপাতি দ্রুত সংগ্রহ করা, কারশেড ও অকশনশেড চালু করা ইত্যাদি।
প্রায় তিন ঘণ্টাব্যাপী এই বৈঠকে ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী, হাছান মাহমুদ, এম
এ লতিফ, শামসুল হক চৌধুরী, নজরুল ইসলাম চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।
সভায় আলোচকেরা চট্টগ্রাম নগরের পতেঙ্গা ও ইপিজেড এলাকায় অবস্থিত কনটেইনার ডিপোর কারণে শহরে যানজট হচ্ছে বলে অভিযোগ করেন। তাঁরা বলেন, ডিপোর কনটেইনারবাহী গাড়ি চলাচলের কারণে সড়কজুড়ে প্রায়ই যানজট লেগে থাকে।
বন্দরের ২০ কিলোমিটারের মধ্যে ১২টি কনটেইনার ডিপো রয়েছে। বন্দর দিয়ে যত রপ্তানি পণ্য পরিবহন হয়, তার ৯০ শতাংশই এসব ডিপোতে কনটেইনারে বোঝাই হয়। এরপর ডিপো থেকে বন্দর দিয়ে জাহাজে তুলে দেওয়া হয় কনটেইনার। আবার বন্দর দিয়ে কনটেইনারে আমদানি হওয়া ৩৭ ধরনের পণ্য বন্দর থেকে সরাসরি এসব ডিপোতে নিয়ে খালাস করতে হয়।
এই সুপারিশের বিষয়ে জানতে চাইলে কনটেইনার ডিপো অ্যাসোসিয়েশনের সভাপতি নুরুল কাইয়ূম খান প্রথম আলোকে বলেন, সরকারের সব অনুমতি নিয়ে হাজার কোটি টাকা বিনিয়োগে এসব ডিপো নির্মাণ করা হয়েছে। এক বৈঠকে তা বন্ধ করে দেওয়া যায় না। বন্দর পরীক্ষামূলকভাবে তিন কার্যদিবস এসব ডিপো বন্ধ করে দিয়ে দেখুক যানজট কমে কি না। বন্দরের যত কনটেইনার পরিবহন হয়, তার ৮০ শতাংশই এসব ডিপো দিয়ে আনা-নেওয়া হয়।
সভা থেকে কনটেইনার ও পণ্য ওঠানো-নামানোর জন্য বে টার্মিনালের নিমাণকাজ ২০২১ সালের মধ্যে শেষ করার সুপারিশ করা
হয়। নৌমন্ত্রী বলেন, এশীয় উন্নয়ন ব্যাংকের অর্থায়নে এটি করা হবে।
বে টার্মিনালের অর্থায়নের বিষয়ে সভায় বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল খালেদ ইকবাল বলেন, বে টার্মিনাল প্রকল্পের মধ্যে ভারতীয় ঋণে ভারতীয় কোম্পানির মাধ্যমে একটি টার্মিনাল হবে। আরেকটি টার্মিনাল নির্মাণ করবে অন্য আরেকটি দেশের কোম্পানি। এ জন্য নৌ মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে।
বৈঠকে সাংসদ হাছান মাহমুদ বলেন, বে টার্মিনাল নির্মাণ হলে সীতাকুণ্ডে বন্দর করার প্রয়োজনীয়তা আছে কি না, তা দেখতে হবে। কারণ, বে টার্মিনাল থেকে সীতাকুণ্ডের প্রস্তাবিত বন্দর বা টার্মিনালের দূরত্ব বেশি নয়। বে টার্মিনালকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা বলেন তিনি।
চট্টগ্রাম নগরের পতেঙ্গা এলাকায় বে টার্মিনাল নির্মাণ করা হবে।
বৈঠকে বন্দর ব্যবহারকারীদের মধ্যে মেট্রোপলিটন চেম্বারের সভাপতি খলিলুর রহমান, সহসভাপতি এ এম মাহবুব চৌধুরী, চট্টগ্রাম চেম্বারের পরিচালক মাহফুজুল হক, ফ্রেইট ফরোয়ার্ডার অ্যাসোসিয়েশনের পরিচালক খায়রুল আলম প্রমুখ বক্তব্য দেন।