দেড় বছরের শিশুকে হত্যা, গ্রেপ্তার ১
মৌলভীবাজারের জুড়ী উপজেলা সদরের দক্ষিণ জাঙ্গিরাই এলাকায় গত শনিবার আবেদ মিয়া নামের দেড় বছর বয়সী এক শিশুকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আবদুল মজিদ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আবেদের মা শিফা বেগম বাদী হয়ে গতকাল রোববার মজিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন।
এলাকার অনেকে ও পুলিশ সূত্রে জানা গেছে, পাঁচ-ছয় বছর আগে উপজেলার বাছিরপুর গ্রামের শিফার সঙ্গে কুড়িগ্রামের উলিপুর উপজেলার খামারবজরা গ্রামের নুরুল মিয়ার প্রথম বিয়ে হয়। আবেদ তাঁদের একমাত্র সন্তান। বছর খানেক আগে শিফার সঙ্গে কুলাউড়া উপজেলা সদরের জয়পাশা এলাকার মজিদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ অবস্থায় নুরুল স্ত্রী-সন্তানকে ছেড়ে অন্যত্র চলে যান। পরে শিফা ও মজিদ বিয়ে করেন। তাঁরা দক্ষিণ জাঙ্গিরাইয়ের মানিক মিয়ার কলোনিতে একটি বাসায় ভাড়া থাকেন।
শনিবার সকালে আবেদকে মজিদের কাছে রেখে বাসাবাড়িতে ঝিয়ের কাজে যান শিফা। সন্ধ্যার দিকে ফিরে তিনি (শিফা) আবেদকে বিছানায় চাদর দিয়ে ঢাকা দেখতে পান। এ সময় মজিদ ঘরে ছিলেন না। একপর্যায়ে শিফা চাদর সরিয়ে দেখেন আবেদের কান দিয়ে রক্ত ঝরছে। সে নড়াচড়া করছে না। শিফার চিৎকারে আশপাশের লোকজন এসে শিশুটিকে উপজেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশু আবেদকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে রাত পৌনে ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আবেদের লাশ উদ্ধার করে। রাত একটার দিকে বাছিরপুর এলাকা থেকে মজিদকে গ্রেপ্তার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য শিশুটির লাশ মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান প্রথম আলোকে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মজিদ শিশুটিকে (আবেদকে) শ্বাসরোধে হত্যার কথা স্বীকার করেছেন। মজিদ সংসারে তাঁদের দুজনের মাঝে শিশুটিকে সহ্য করতে পারতেন না। সে কারণে আবেদকে মেরে ফেলার সিদ্ধান্ত নেন বলে তিনি স্বীকার করেন।