দেড় মণ ইলিশসহ ১১ জেলে আটক, অর্থদণ্ড
নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় যমুনা নদীতে ইলিশ মাছ ধরার দায়ে ১১ জেলেকে ৫৫ হাজার টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আইরিন পারভীন তাঁদের এই অর্থদণ্ড করেন।
অর্থদণ্ড পাওয়া জেলেরা হলেন উপজেলার চরকাটারী গ্রামের রমজান আলী (২৫), মনির হোসেন (২২), আবদুর রাজ্জাক (৪৩), নাজির শেখ (৪৫), আবদুল্লাহ (৩২), দুলাল শেখ (২০); পারুলিয়া গ্রামের সন্তোষ আলী (৪৮); রাম নারায়ণপুর গ্রামের আবদুস সাত্তার (৩৫); বাঁচামরা গ্রামের সকিমুদ্দিন মণ্ডল (৬২); সিরাজগঞ্জের চৌহালী উপজেলার মিনিদিয়া গ্রামের মতিন মোল্লা (৫৫) ও বারেক শেখ (৫৫)।
পুলিশ এবং উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় থেকে জানা যায়, গত শুক্রবার সারা রাত বাঁচামরা, বাঘুটিয়া ও জিয়নপুর ইউনিয়নের যমুনা নদীর বিভিন্ন স্থানে উপজেলা মৎস্য বিভাগের কর্মকর্তা ও পুলিশের সদস্যরা যৌথভাবে অভিযান চালিয়ে ওই ১১ জেলেকে আটক করেন। এ সময় তাঁদের কাছ থেকে দেড় মণ ইলিশ ও ১৫ হাজার মিটার জাল জব্দ করা হয়েছে। এরপর গতকাল বেলা আড়াইটার দিকে তাঁদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক ১১ জেলের প্রত্যেককে পাঁচ হাজার করে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করেন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ইলিশ মাছের প্রজনন ও বৃদ্ধির জন্য ১৩ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা, বিক্রি, মজুত, পরিবহন ও বাজারজাত নিষিদ্ধ করা হয়েছে। এই নিষেধাজ্ঞা অমান্য করার দায়ে জেলেদের অর্থদণ্ড করা হয়েছে।