দেড় মাস ধরে নিখোঁজ পাঁচ আসামি 'অস্ত্রসহ গ্রেপ্তার'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের সিংড়া উপজেলার কলম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফজলার রহমান হত্যা মামলার আসামি ও দেড় মাস ধরে নিখোঁজ বিএনপির পাঁচ নেতা-কর্মী জীবিত আছেন। গত সোমবার গভীর রাতে রাজশাহীর বাগমারা উপজেলার গোয়ালকান্দি গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে চারটি আগ্নেয়াস্ত্রসহ তাঁদের গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছে র‌্যাব।
পাঁচজনকে জীবিত পেয়ে খুশি তাঁদের পরিবারের সদস্য ও বিএনপির নেতারা। তবে অস্ত্রসহ গ্রেপ্তারের বিষয়টি সাজানো নাটক বলে তাঁরা অভিযোগ করেছেন। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন সিংড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কলম ইউপির সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল ওরফে ফটিক, কলম ইউনিয়নের যুবদলের সভাপতি হায়দার রশীদ, বিএনপির কর্মী শাহ আলম ব্যাপারী, সামসুল ইসলাম ও আবদুল করিম (৩৬)।
ওই পাঁচজনকে গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় নাটোর সার্কিট হাউসের সমেঞ্চলন কক্ষে সাংবাদিকদের সামনে হাজির করেন র‌্যাব সদস্যরা। তাঁদের সামনে দুটি রিভলবার, একটি পিস্তল, একটি ওয়ান শুটারগান, আটটি গুলি ও একটি ধারালো ছুরি প্রদর্শন করা হয়। এ সময় র‌্যাব-৫-এর (রাজশাহী) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আনোয়ার হোসেন জানান, সোমবার দিবাগত রাত তিনটায় বাগমারার গোয়ালকান্দি গ্রামের একটি পরিত্যক্ত বাসা থেকে পাঁচজনকে ওই সব অস্ত্র, গুলিসহ গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁরা ঘুমাচ্ছিলেন। তাঁদের বিরুদ্ধে বাগমারা থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। পরে তাঁদের চেয়ারম্যান ফজলার রহমান হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হবে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের ঢাকায় হাইকোর্ট এলাকা থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে অপহরণ করা হয়েছিল কি না জানতে চাইলে র‌্যাবের অধিনায়ক বলেন, ‘এ ব্যাপারে আমাদের কিছুই জানা নেই। আমরা গোপন সংবাদের ভিত্তিতে তাঁদের বাগমারা থেকে গ্রেপ্তার করেছি।’
গ্রেপ্তার হওয়া ইব্রাহিম খলিলের স্ত্রী নাসিমা খাতুন সাংবাদিকদের বলেন, ‘অস্ত্রসহ আমার স্বামী ও অন্যদের গ্রেপ্তারের কথা সঠিক নয়। এটা সাজানো গল্প। প্রকৃতপক্ষে তাঁদের ১০ ফেব্রুয়ারি ঢাকার হাইকোর্ট থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। তবে কারা তুলে নিয়ে গিয়েছিল তা বলতে পারব না।’
সিংড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবর রহমান বলেন, ‘নিখোঁজ হওয়ার পর তাঁদের নিয়ে পত্রপত্রিকায় লেখালেখি হয়েছে। সম্প্রতি নাটোরে অনুষ্ঠিত বিবিসি বাংলাদেশ সংলাপেও এই বিষয়টি আলোচিত হয়েছে। হয়তো এ কারণে প্রশাসন আমাদের নেতা-কর্মীদের জনসমক্ষে হাজির করেছে।’ গত ১৮ জানুয়ারি সিংড়ার সাঐল গ্রামে চেয়ারম্যান ফজলারকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ব্যাপারে নিহত ব্যক্তির ভাই বিএনপির নেতা ইব্রাহিম খলিলসহ ১৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।