দেড় মাস ধরে বন্ধ শিক্ষার্থীরা বিপাকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বিশ্বনাথ উপজেলার তালিবপুরে অবস্থিত রাগীব-রাবেয়া ডিগ্রি কলেজ দেড় মাস ধরে বন্ধ রয়েছে। ফলে বিপাকে পড়েছে কলেজের সাত শতাধিক শিক্ষার্থী।
নিরাপত্তার অজুহাতে অধ্যক্ষ আবদুল ওয়াহিদ ২২ সেপ্টেম্বর অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধ ঘোষণা করেন।
কলেজের একাদশ শ্রেণীর নবীন শিক্ষার্থী খোকন মিয়া, রকিব আলী ও সামিউল ইসলাম বলে, ‘আমারা লেখাপড়া করার জন্যই কলেজে ভর্তি হয়েছি। কিন্তু দীর্ঘদিন ধরে কলেজ বন্ধ থাকায় আমাদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে এগিয়ে যাচ্ছে। অন্য কোনো প্রতিষ্ঠানে এখন ভর্তি হওয়ার সুযোগও নেই।’
২০১৪ সালের এইচএসসি পরীক্ষার্থী আলী আহমদ, কয়েছ আহমদ ও আলমগীর হোসেন বলে, ‘দুই বছর লেখাপড়া করার পর পরীক্ষার সময় আসতেই কলেজে অচলাবস্থা শুরু হলো। আমাদের ভবিষ্যৎ নষ্ট না করতে সবাইকে অনুরোধ করছি।’
কলেজের প্রাক্তন ছাত্র শামীম আহমদ, জাকারিয়া আহমদ, রুবেল আহমদসহ অনেকেই অভিযোগ করেন, কলেজের উদ্যোগে মাতৃভাষা পালনের দাবিতে আন্দোলন করার কারণে অধ্যক্ষ তাঁদের ডিগ্রিতে ভর্তি করেননি। সব অভিযোগ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে অধ্যক্ষ আবদুল ওয়াহিদ বলেন, ‘আমি ষড়যন্ত্রের শিকার।’
কলেজ ও স্থানীয় সূত্র জানায়, গত ১৭ সেপ্টেম্বর দ্বাদশ শ্রেণীর প্রাক-নির্বাচনী পরীক্ষায় নকল করার অপরাধে জাবেদ আহমদকে বহিষ্কার করা হয়। ২১ সেপ্টেম্বর জাবেদ আবার পরীক্ষা দিতে এলে কলেজের শিক্ষকেরা বাধা দেন। কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা জাবেদের পক্ষে অবস্থান নেন। এ নিয়ে বাগিবতণ্ডার একপর্যায়ে শিক্ষার্থীরা অধ্যক্ষের অপসারণ দাবি এবং ক্যাম্পাসে বিক্ষোভ, হামলা ও ভাঙচুর করেন। তাঁরা অধ্যক্ষকে নিজ কক্ষে অবরুদ্ধ করে রাখেন। পরে এলাকাবাসীর সহায়তায় পুলিশ তাঁকে উদ্ধার করে। এরপর অধ্যক্ষ নিরাপত্তার অজুহাতে ২২ সেপ্টেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধ ঘোষণা করেন। ২৪ সেপ্টেম্বর রাতে তিনি জাবেদ আহমদের বিরুদ্ধে হুমকি প্রদানের অভিযোগে বিশ্বনাথ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। বিষয়টি মীমাংসা করার জন্য এলাকাবাসী সভা আহ্বান করলেও অধ্যক্ষ উপস্থিত হননি। এরপর ২৬ সেপ্টেম্বর শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা পোষণ করেন স্থানীয় ২০টি গ্রামের বাসিন্দারা। তাঁরা কলেজের কাছে সভা করেন। ওই সভায় এলাকার মুরব্বি হাজি আবদুর রবকে আহ্বায়ক এবং কামাল আহমদ, কবির আহমদ, নাজমুল ইসলাম, তছির আলী, মঈন উদ্দিন ও আজিজুর রহমানকে যুগ্ম আহ্বায়ক করে ১০১ সদস্যবিশিষ্ট ‘কলেজ রক্ষা কমিটি’ গঠন করা হয়।
এর আগে স্বেচ্ছাচারিতা, অনিয়ম-দুর্নীতি, দলাদলি সৃষ্টিসহ বিভিন্ন অভিযোগে শিক্ষার্থীরা অধ্যক্ষের অপসারণ দাবিতে আন্দোলন করে। এ পরিপ্রেক্ষিতে গত ফেব্রুয়ারি মাসে অধ্যক্ষকে তিন মাসের জন্য বহিষ্কার করা হয়েছিল। পরে কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ও প্রতিষ্ঠাতা রাগীব আলী তাঁকে আবার নিজ পদে বহাল করেন।
রাগীব আলী বলেন, শিক্ষার্থীদের কথা বিবেচনা করে শিগগিরই কলেজ খুলে দেওয়া উচিত। এ ক্ষেত্রে এলাকাবাসীর সহায়তা দরকার। তবে অধ্যক্ষের বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিধি অনুযায়ী ব্যবস্থা নেবে।