লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরে দেড় মাস ধরে বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। পানির দাবিতে গতকাল শনিবার নতুন বাজার এলাকায় বিক্ষোভ করেছেন পৌর এলাকার বাসিন্দারা।
পৌরসভা সূত্রে জানা গেছে, বিদ্যুতের লো-ভোল্টেজের কারণে পাম্প দিয়ে পানি উত্তোলন করতে না পারায় এ অবস্থার সৃষ্টি হয়। এতে করে পৌরসভার কয়েক হাজার বাসিন্দা চরম দুর্ভোগ পোহাচ্ছেন। এর পরিপ্রেক্ষিতে পৌর কর্তৃপক্ষ জেনারেটর কেনার সিদ্ধান্ত নেয়। কিন্তু মন্ত্রণালয়ে একাধিকবার চিঠি দেওয়ার পর অনুমোদন না মেলায় সিদ্ধান্তটি বাস্তবায়ন করতে পারছে না পৌর কর্তৃপক্ষ।
সূত্র জানায়, গত মার্চের প্রথম সপ্তাহ থেকে বিদ্যুতের লো-ভোল্টেজ ও লোডশেডিং শুরু হয়। এতে করে পাম্প দিয়ে পানি তোলা বাধাগ্রস্ত হয়। দীর্ঘদিন ধরে দুর্ভোগের শিকার পৌরবাসী অতিষ্ঠ হয়ে গতকাল বিকেলে নতুন বাজার এলাকায় বালতি, কলস এবং জগ নিয়ে বিক্ষোভ মিছিল করেন।
বিক্ষোভে অংশ নেওয়া জহিরুল ইসলাম ও ওমর ফারুক বলেন, তীব্র গরমে মানুষ অতিষ্ঠ। এরপর পৌর এলাকায় পানি নেই। এক বেলা ভাত না খেয়ে থাকা যায়, কিন্তু পানি ছাড়া থাকা যায় না। পানির এ সংকটের কারণে সবাই চরম দুর্ভোগে রয়েছেন। নিরুপায় হয়ে তাঁরা বিক্ষোভ করছেন।
পৌরসভার কার্যালয় থেকে জানা গেছে, পৌরসভার ২০ হাজারেরও বেশি মানুষের প্রতিদিন ১৫ লাখ লিটার পানির চাহিদা রয়েছে। পাম্প দিয়ে উচ্চ জলাধারে এ পানি উত্তোলন করতে হলে দৈনিক ১৫-১৭ ঘণ্টা বিদ্যুতের প্রয়োজন। কিন্তু রায়পুর উপজেলায় দৈনিক বিদ্যুৎ পাওয়া যাচ্ছে ১০-১১ ঘণ্টা। তা-ও আবার ভোল্টেজ থাকে না। এতে করে উচ্চ জলাধারে পানি তোলা সম্ভব হচ্ছে না।
পৌরসভার মেয়র এ বি এম জিলানী পৌরবাসীর দুর্ভোগের কথা স্বীকার করে বলেন, বিষয়টি নিয়ে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের সঙ্গে তিনি একাধিকবার কথা বলেছেন। কিন্তু কোনো কাজ হয়নি। এ নিয়ে প্রতিদিনই পৌরবাসীর প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে তাঁকে। মন্ত্রণালয় থেকে অনুমোদন না পাওয়ায় জেনারেটরও কেনা যাচ্ছে না।
রায়পুর পল্লী বিদ্যুৎ কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মাহফুজুর রহমান বলেন, ‘নোয়াখালী গ্রিড থেকে আমাদের বিদ্যুৎ সরবরাহ করা হয়। গ্রিড থেকে বিদ্যুৎ আসতে আসতে ভোল্টেজ কিছুটা কমে যায়। আর ভোল্টেজ কম পেলে আমরা বাড়াতে পারি না। এতে করে এ অবস্থার সৃষ্টি হয়েছে। তবে বিষয়টির সমাধানের জন্য আমরা আন্তরিকভাবে চেষ্টা করছি।’