দেড় মাস পর ক্লাসে ফিরছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। কাল রোববার থেকে সব বিভাগের ক্লাস শুরু হবে। তবে পরীক্ষা স্থগিত থাকবে।শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে শিক্ষক সমিতির সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষক সমিতির কিছু দাবি মেনে নেওয়ার জন্য সময় নিয়েছেন উপাচার্য। যার কারণে শিক্ষক সমিতি ক্লাস শুরুর সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, ‘২৩ জুন থেকে ১৭ জুলাই পর্যন্ত আমরা উপাচার্যের ভবনের সামনে প্রতিদিন ১০ মিনিট করে অবস্থান ধর্মঘট করব।’ উপাচার্য মুহাম্মদ আলমগীর বলেন, ‘ক্লাস শুরুর ব্যাপারে আমাকে আজ (শুক্রবার) শিক্ষক সমিতি একটি রেজ্যুলেশন দিয়েছে। তবে পরীক্ষার ব্যাপারে এখন কোনো কথা হয়নি।’প্রসঙ্গত, কিছু উচ্ছৃঙ্খল ছাত্রের হাতে একাধিকবার শিক্ষকদের লাঞ্ছিত ও অপমানিত হওয়ার প্রতিবাদে গত ৬ মে থেকে ক্লাস ও পরীক্ষা বর্জন করে কর্মবিরতি করে আসছিলেন শিক্ষক সমিতির সদস্যরা।