দেশে আবার নিপাহ ভাইরাসের প্রকোপ দেখা দিয়েছে। গত দেড় মাসে দেশের বিভিন্ন প্রান্তে ১৫ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ছয়জন মারা গেছে। নিপাহ ভাইরাসের প্রকোপের কারণে বিশেষজ্ঞরা কাঁচা খেজুরের রস না খাওয়ার পরামর্শ দিয়েছেন।
সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) সূত্র জানায়, গত ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে গতকাল সোমবার পর্যন্ত ১০টি জেলায় ১৫ জন নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে তারা নিশ্চিত হয়েছে। তাদের মধ্যে পাঁচজন আক্রান্ত হয়েছে মাগুরায়। এদের মধ্যে দুজন মারা গেছে। মানিকগঞ্জে আক্রান্ত হয়েছে দুজন এবং দুজনই মারা গেছে। রংপুর ও শরীয়তপুরে আক্রান্ত দুজনও মারা গেছে। ফরিদপুর, কুষ্টিয়া, রাজবাড়ী, নাটোর, দিনাজপুর ও চাঁপাইনবাবগঞ্জে একজন করে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে।
সূত্র আরও জানায়, আক্রান্ত ব্যক্তিদের মধ্যে চারজন নারী ও ১১ জন পুরুষ। তাদের মধ্যে ১০ মাসের এক শিশু ও ৭০ বছরের একজন বৃদ্ধও রয়েছেন। বাকি ১৩ জন বিভিন্ন বয়সের।
আইইডিসিআরের পরিচালক অধ্যাপক মাহমুদুর রহমান প্রথম আলোকে বলেন, ডিসেম্বর থেকে মে মাসে বাংলাদেশে নিপাহ ভাইরাসের প্রকোপ দেখা দেয়। নিপাহ ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে মৃত্যুহার খুব বেশি।
আইইডিসিআরের পর্যালোচনায় দেখা গেছে, বাংলাদেশে এই ভাইরাসে মানুষ প্রথম আক্রান্ত হয় ২০০১ সালে, কুষ্টিয়া জেলায়। তখন থেকে এ পর্যন্ত ২৫৭ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে শনাক্ত করা গেছে। আক্রান্ত ব্যক্তিদের ৭৩ শতাংশই মারা গেছে। এ পর্যন্ত ২৫ জেলায় এই ভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে।
নিপাহ ভাইরাসে মানুষ প্রথম আক্রান্ত হয় ১৯৯৮ সালে মালয়েশিয়া ও সিঙ্গাপুরে। ২০১২ সালে আইইডিসিআরের বিজ্ঞানীরা নিশ্চিত হন, বাংলাদেশে এই ভাইরাস বহন করছে বাদুড়। খেজুরের রস খাওয়ার সময় বাদুড়ের মুখ থেকে এই ভাইরাস রসে যায়। সেই রস খেলে মানুষ আক্রান্ত হয়। বাংলাদেশে মানুষ থেকে মানুষে এই ভাইরাস ছড়ানোর নজিরও আছে।
অধ্যাপক মাহমুদুর রহমান বলেন, ‘খেজুরের রস জ্বাল দিয়ে খেলে বা গুড় খেলে কোনো ভয় নেই।’ এই ভাইরাসে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ থেকে দূরে থাকারও পরামর্শ দিয়েছেন তিনি।
বিশেষজ্ঞরা বলছেন, নিপাহ ভাইরাসে আক্রান্ত হলে প্রথমে জ্বর হয়। তারপর শুরু হয় মাথাব্যথা। এরপর খিঁচুনি। তারপর আক্রান্ত ব্যক্তি অসংলগ্ন কথাবার্তা বলতে থাকে। একসময় অজ্ঞান হয়ে যায়। মাহমুদুর রহমান বলেন, চিকিৎসকেরা রোগের লক্ষণ দেখে বুঝতে পারবেন রোগী নিপাহ ভাইরাসে আক্রান্ত কি না।