দেড় মাসে নিহত ৮, বেশি মোটরসাইকেল আরোহী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া-নওগাঁ সড়কের সাত কিলোমিটারের মধ্যে গত দেড় মাসে পাঁচটি দুর্ঘটনায় আটজনের মৃত্যু হয়েছে। সড়কের কাহালু উপজেলার বারোমাইল, দুপচাঁচিয়া উপজেলার তিষীগাড়ি ও চন্দ্রদীঘির মোড়ে এসব দুর্ঘটনা ঘটে। বেশির ভাগ দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীরাই প্রাণ হারিয়েছেন। এ ধরনের দুর্ঘটনার জন্য অদক্ষ চালক ও হেলপারের দ্বারা যান চালানোকেই দায়ী করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।স্থানীয় সূত্রে জানা যায়, গত ৬ ডিসেম্বর দুপুরে চন্দ্রদীঘির মোড়ে নওগাঁ থেকে আসা দুটি মোটরসাইকেলে চার কলেজছাত্র তাঁদের এক বন্ধুর স্ত্রীকে (কলেজছাত্রী) নিয়ে যাওয়ার সময় বিপরীতগামী মিনি ট্রাকের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই দুই বন্ধু—ফারহান টনি (২০) ও আবদুল্লাহ আল ফারাবি (২০) নিহত হন। গুরুতর আহত ফারহান টনির স্ত্রী রেদওয়ান তাহরিমা (১৮) চিকিৎসাধীন অবস্থায় দুই দিন পর মারা যান। দুর্ঘটনায় বেঁচে যাওয়া আহত অপর বন্ধু শুভ জানান, দুর্ঘটনার সময় মোটরসাইকেলের গতি ছিল ঘণ্টায় ৮০ থেকে ৯০ কিলোমিটার। ২২ ডিসেম্বর দুপচাঁচিয়ার তিষীগাড়িতে দাঁড়ানো ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের ধাক্কায় শমসের আলী (৫০) নিহত হন। ২৫ ডিসেম্বর বারোমাইলে মোটরসাইকেল আরোহী হারুনুর রশীদ (২৪) ও সোহেল প্রামাণিক (২৩) দুপচাঁচিয়ায় আসার পথে পেছন থেকে যাত্রীবাহী বাসের ধাক্কায় মারা যান। ২৭ ডিসেম্বর দুপুরে তিষীগাড়ি মোড়ে খড়িবোঝাই মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেলচালক আবুল কাশেম (৩৫) ঘটনাস্থলেই মারা যান। দ্রুতগামী মিনি ট্রাকটি মোড় ঘুরতেই এ দুর্ঘটনা ঘটে। ১৪ জানুয়ারি বারোমাইল মোড়ে মোটরসাইকেলকে পেছন থেকে মিনি ট্রাক ধাক্কা দিলে মোটরসাইকেলের আরোহী খুকি বেওয়া (৫৫) ঘটনাস্থলেই মারা যান।দুর্ঘটনায় নিহত হারুনুর রশীদের বাবা উপজেলার ডিমশহর গ্রামের মামুনুর রশীদ তালুকদার বলেন, ‘ছেলে সবেমাত্র পড়ালেখা শেষ করেছে। আমার ইচ্ছে ছিল, ও চাকরি না পেলে অন্ততপক্ষে সংসারের হালটা ধরবে। কিন্তু তার আগেই আল্লাহপাক ওকে দুনিয়া থেকে তুলে নিলেন। বাপের কাঁধে ছেলের লাশ যেন কারও না ওঠে। আমার সংসার এখন শেষ।’দুর্ঘটনার বিষয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল গনি মণ্ডল বলেন, স্কুল ও কলেজপড়ুয়া ছাত্রদের হাতে মোটরসাইকেল তুলে দেওয়ায় এ অবস্থা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঝেমধ্যেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জরিমানাসহ মামলা দিলেই দুর্ঘটনা রোধ করা সম্ভব।দুপচাঁচিয়া উপজেলা মিনি ট্রাক চালক সমবায় সমিতির সভাপতি মাহফুজার রহমান বলেন, দুর্ঘটনা ঘটলেই শুধু ট্রাকের চালককে দায়ী করে কথা বলা হয়। কথাটি একেবারেই ঠিক নয়। কারণ, বগুড়া-নওগাঁ রাস্তাটির বিভিন্ন স্থানে গর্ত। আবার অদক্ষ চালকদের বেপরোয়া মোটরসাইকেল চালানো এবং প্রতিটি রাস্তায় অবৈধ ভটভটি চলাচল করার কারণেই দুর্ঘটনা ঘটে থাকে।দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর ইসলাম বলেন, ভ্রাম্যমাণ আদালত একটি চলমান প্রক্রিয়া। মাঝেমধ্যেই পুলিশ দিয়ে এ কাজ করানো হয়। কিন্তু স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের চাপে ব্যবস্থা নেওয়া যায় না। আবার জনসংখ্যার দিক থেকে থানায় জনবল কম। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ব্যবস্থা নিতে পারলে দুর্ঘটনা রোধ করা সম্ভব হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুফিয়া নাজিম বলেন, এসব দুর্ঘটনা শুধু অদক্ষ চালক ও হেলাপারের দ্বারা ঘটে, তা নয়। এর জন্য খানাখন্দে ভরা রাস্তাগুলোও মেরামত করা দরকার।