পাবনা জেনারেল হাসপাতালে গত দেড় মাসে ৫৫ নবজাতক ও আট প্রসূতির মৃত্যু হয়েছে। অল্প সময়ের মধ্যে এত শিশু ও মা মারা গেলেও হাসপাতাল কর্তৃপক্ষ বলছে এটি স্বাভাবিক ঘটনা। চিকিৎসকদের দাবি, গর্ভকালীন সময়ে মায়েরা সচেতন থাকলে এ মৃত্যুহার আরও কম হতো।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ২৫০ শয্যার হাসপাতালটির শিশু ওয়ার্ডে শয্যা রয়েছে ৩৬টি। যার বিপরীতে প্রতিদিন ভর্তি হচ্ছে ১৮০ থেকে ২০০ নবজাতক। জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বিভিন্ন সমস্যা নিয়ে তাদেরকে এখানে ভর্তি করা হচ্ছে। গত মে মাসে চিকিৎসা নিয়েছে এক হাজার ৪৫০ নবজাতক। এর মধ্যে বিভিন্ন সমস্যায় মারা গেছে ৪৬ জন। তাদের মধ্যে ১৫ জন বার্থ এক্সপিয়া, ছয়জন সেলটাসিয়া, ছয়জন নিউমোনিয়া, ১৫ জনের ওজন কম ও চারজন মেনিনজাইটিস রোগে আক্রান্ত ছিল।
হাসপাতালের গাইনি বিভাগে শয্যা রয়েছে ৩৬টি। কিন্তু গত মে মাসে এই বিভাগে এক হাজার ১৭১ জন প্রসূতি ভর্তি হয়েছেন । তাঁদের মধ্যে ৪৪৪ জনের স্বাভাবিক প্রসব হয়েছে। ১১৬ জনকে অস্ত্রোপচারের মাধ্যমে প্রসব করানো হয়েছে। প্রসবকালীন মৃত্যু হয়েছে ১৫ নবজাতক ও পাঁচ প্রসূতির। একইভাবে চলতি মাসে ১ জুন থেকে ১৮ জুন পর্যন্ত আরও তিন প্রসূতি ও নয় নবজাতকের মৃত্যু হয়েছে।
পাবনা জেনারেল হাসপাতালের পরিচালক মনোয়ার-উল-আজিজ প্রথম আলোকে জানান, প্রসবকালীন সময়ে মায়েরা নিজেদের কোনো যত্ন নেন না। চিকিৎসকের পরামর্শেও থাকেন না। ফলে সন্তান কীভাবে বেড়ে উঠছে, তা তাঁরা বুঝতে পারেন না। এ ছাড়া অনেকে বাড়িতেই প্রসবের চেষ্টা করেন। শেষ পর্যন্ত না পারলে তাঁরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। ততক্ষণে নবজাতক ও প্রসূতি দুজনের অবস্থাই অনেকটা খারাপ হয়ে যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থার অবনতি দেখে সেখানকার চিকিৎসকেরা তাঁদের জেনারেল হাসপাতালে পাঠান। এরপর তাঁরা হাসপাতালে এসে ভর্তি হন। তখন হাসপাতালের কিছুই করার থাকে না। তবে মৃত্যুর সংখ্যা বেশি মনে হলেও হাসপাতালের গড় রোগীর হার অনুযায়ী এটা স্বাভাবিক।
মনোয়ার-উল-আজিজ আরও জানান, শুধু সচেতনতার অভাবেই মৃত্যুর হার কমানো যাচ্ছে না। গর্ভকালীন সময়ে মায়েরা একটু সচেতন হলে, তাঁরা নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিলে এ হার অনেকাংশই কমানো যেত। তবে আশার কথা হচ্ছে, পূর্বে এ মৃত্যুহার অনেক বেশি ছিল। বর্তমানে কমে এ অবস্থায় দাঁড়িয়েছে৷
এ প্রসঙ্গে পাবনা জেনারেল হাসপাতালের শিশু বিভাগের পরামর্শক চিকিৎসক নীতিশ কুমার কুণ্ডু জানান, হাসপাতালে ভর্তির আগেই নবজাতকেরা পুষ্টিহীনতা, ওজন কম, নিউমোনিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়ে। এ ছাড়া হাসপাতালে উন্নত যন্ত্রপাতিরও অভাব রয়েছে।
গাইনি বিভাগের পরামর্শক চিকিৎসক শাহিন ফেরদৌস বলেন, ‘শিশু গর্ভে আসার পর থেকেই মায়েদের চিকিৎসকের তত্ত্বাবধানে থাকা উচিত৷ কিন্তু আমাদের দেশে তা হয় না। অশিক্ষা, দরিদ্রতা ও কুসংস্কার আমাদের দেশের গ্রামীণ নারীদের পিছিয়ে রাখে। ফলে এ ধরনের ঘটনা ঘটে। একটু সচেতন হলেই এ মৃত্যুহার কমে যাবে।’