নোয়াখালীর চাটখিল উপজেলার একমাত্র মহিলা কলেজে অধ্যক্ষ ও শিক্ষকদের দ্বন্দ্বের কারণে সৃষ্ট অচলাবস্থা দীর্ঘ দেড় মাসেও নিরসন হয়নি। ফলে শিক্ষার্থীদের লেখাপড়ার ক্ষতিসহ তাঁদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। তবে কলেজের অচলাবস্থা নিরসনের লক্ষ্যে গত শুক্রবার কলেজ গভর্নিং বডি ও সমঝোতা কমিটির এক যৌথ সভা অনুষ্ঠিত হয়। এতে কলেজ গভর্নিং বডির সভাপতি স্থানীয় সাংসদ মাহবুব উদ্দিন খোকন সভাপতিত্ব করেন। সভায় গভর্নিং বডির সব সদস্য উপস্থিত ছিলেন। সভায় ৭ থেকে ১৪ আগস্ট পর্যন্ত বেআইনিভাবে ক্লাস নেওয়া থেকে বিরত থাকায় ১৭ জন শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এর জবাব আগামী ১৫ দিনের মধ্যে লিখিতভাবে গভর্নিং বডির সভাপতি বরাবর দিতে নির্দেশ দেওয়া হয়েছে। আগামী সভার আগ পর্যন্ত অধ্যক্ষসহ সব শিক্ষককে প্রতিষ্ঠানের নিজ নিজ দায়িত্ব পালনে কোনো প্রকার শৃঙ্খলা ভঙ্গ না করার নির্দেশ দেওয়া হয়েছে। সব শিক্ষক-কর্মচারীকে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ মোতাবেক সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত কর্মস্থলে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়।কলেজের শিক্ষক প্রতিনিধি প্রভাষক জাহাঙ্গীর আলম কারণ দর্শানোর নোটিশের কথা স্বীকার করে বলেন, আজ রোববার শিক্ষকদের এক জরুরি সভা অনুষ্ঠিত হবে। এ ব্যাপারে সাংসদ মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কলেজের অচলাবস্থার কথা স্বীকার করে বলেন, বিভিন্ন কমিটি করে দেওয়া হয়েছে। অচিরেই কলেজের যাবতীয় সংকট নিরসন করা হবে।উল্লেখ্য, বকেয়া বেতন-ভাতার দাবিতে শিক্ষকেরা ৭ আগস্ট থেকে কর্মবিরতি পালন করছেন। পরে শিক্ষকেরা অধ্যক্ষের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে অধ্যক্ষের অপসারণের দাবি করেন।এদিকে কলেজের প্রতিষ্ঠাতা সদস্য সাবেক সাংসদ সালাহ উদ্দিন কামরানকে আহ্বায়ক করে অধ্যক্ষ ও শিক্ষকদের পরস্পরবিরোধী অভিযোগ তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া এবং শিক্ষকদের আইনসংগত বকেয়া বেতন পরিশোধের সিদ্ধান্ত গৃহীত হয়।