দেড় মাসেও অনুমোদিত কমিটি পৌঁছায়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাউন্সিলের চার বছর পর মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন হয়েছে। সেই কমিটি অনুমোদনেরও প্রায় দেড় মাস হয়ে গেছে। কিন্তু এখনো জেলা কমিটিতে কে কোন পদ পেয়েছেন তা জানা সম্ভব হয়নি। পূর্ণাঙ্গ কমিটির তালিকা এখনও জেলায় এসে পৌঁছায়নি। জানা গেছে, গত ৯ অক্টোবর কেন্দ্রীয় কমিটির সভায় জেলার পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়। এ কমিটিতে শুধু সভাপতি ও সাধারণ সম্পাদকের (এ দুটি পদ কাউন্সিলে নির্বাচিত) নাম প্রকাশ হয়েছে।নাম প্রকাশে অনিচ্ছুক দলের একটি সূত্র জানিয়েছে, কমিটি প্রকাশিত হলে দলের বিভিন্ন গ্রুপে বিভক্ত অংশের মধ্যে প্রতিক্রিয়া হতে পারে। বাদ পড়া নেতা-কর্মীদের ক্ষোভ প্রশমিত করতেই কৌশল হিসেবে পূর্ণাঙ্গ কমিটির নামের তালিকা প্রকাশ দেরি করা হচ্ছে। আবার কারও কারও মতে, কমিটির বিভিন্ন পদের নাম সংশোধন ও নতুন নাম সংযোজন করতেই এ বিলম্ব করা হচ্ছে। জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সাধারণ সম্মেলন হয়েছিল ২০০৬ সালের ২৭ ফেব্রুয়ারি স্থানীয় জনমিলন কেন্দ্রে। সে সময় দলের অভ্যন্তরীণ কোন্দলের কারণে সম্মেলনের দিন কাউন্সিল ও কমিটি গঠন সম্ভব হয়নি। সম্মেলনের প্রায় চার মাস পর ৭ জুলাই কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে সাইফুর রহমান মিলনায়তনে একটি বিশেষ কাউন্সিল অনুষ্ঠিত হয়। সেই কাউন্সিলে কমিটি গঠনে বিভক্ত দলগুলো একমত হতে না পারায় কাউন্সিলরদের সরাসরি ভোটে উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ (বর্তমান জাতীয় সংসদের চিফ হুইপ) সভাপতি ও নেছার আহমদ (সাবেক সাংগঠনিক সম্পাদক) সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরে পূর্ণাঙ্গ কমিটি গঠনের কথা থাকলেও অভ্যন্তরীণ বিরোধ থাকায় কমিটি গঠন বিলম্বিত হয়েছে। নেতা-কর্মীরা জানিয়েছেন, চার বছর পর হলেও পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন পাওয়ায় নেতা-কর্মীরা চাঙা হয়ে ওঠেন। এখন কমিটির পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ না হওয়ায় অনেক নেতা-কর্মীর উৎসাহে ভাটা পড়ছে। তারা জানান, দলে নতুন নেতৃত্ব বিকাশের পথ রুদ্ধ হয়ে আছে। অনেকেই ‘আওয়ামী লীগ নেতা’ পরিচয়ে জেলা কমিটির কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত আছেন, সভা-সমাবেশে অংশ নিচ্ছেন। কিন্তু নির্দিষ্ট করে কারও পদ-পদবি বলা যাচ্ছে না। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ প্রথম আলোকে বলেন, ‘কেন্দ্র থেকে কমিটি অনুমোদন ও অনুমোদিত কপি পাঠানো হয়েছে বলা হয়েছে। কিন্তু আমরা এখনও অনুমোদিত কমিটির কপি পাইনি। ঢাকায় গেলে হাতে হাতে কমিটি নিয়ে আসতে পারব।’