বরগুনায় মাদ্রাসাছাত্রী শারমিন আক্তারের (১৮) হত্যাকারীরা দেড় মাসেও গ্রেপ্তার হয়নি। আসামিরা প্রভাবশালী হওয়ায় মামলাটি ভিন্ন খাতে প্রবাহিত করার পাঁয়তারা চালাচ্ছে এবং শারমিনের পরিবারকে হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।জানা গেছে, সদর উপজেলার আয়ালা-পাতাকাটা ইউনিয়নের পূর্ব কেওড়াবুনিয়া গ্রামের হারুন সরদারের মেয়ে ও পূর্ব কেওড়াবুনিয়া দাখিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী শারমিন গত ২ অক্টোবর বিকেলে বাড়ি থেকে নিখোঁজ হয়। ৫ অক্টোবর সকালে পায়রা নদীতে ভাসমান অবস্থায় তার লাশ পাওয়া যায়। পরে শারমিনের লেখা একটি কাগজ পুলিশ জব্দ করে। এই কাগজে শারমিন লেখে, পার্শ্ববর্তী গ্রামের মিজানুর রহমান ওরফে সাদ্দাম, তার ভাই নজরুল ইসলাম ও তাদের বাবা আবু হানিফ তাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে।ওই কাগজের সূত্র ধরে শারমিনের মা শাহিদা বেগম ওই তিনজনসহ পাঁচজনকে আসামি করে গত ৬ অক্টোবর বরগুনা থানায় হত্যা মামলা করেন।মামলার তদন্তকারী কর্মকর্তা বরগুনা থানার উপপরিদর্শক (এসআই) আনসারুজ্জামান লাশ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদনের উল্লেখ করেন, শারমিনের মৃতদেহের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ ছাড়া তার গোপনাঙ্গ এবং অন্যান্য স্পর্শকাতর স্থানগুলোতে আঘাত ও ফোলা জখম দেখা যায়। ধারণা করা হচ্ছে, পাশবিক নির্যাতনের পর দুর্বৃত্তরা শারমিনকে শ্বাসরোধে হত্যা করে।শারমিনের মা শাহিদা বেগম জানান, প্রায় রাতেই তাঁদের বসতঘরের চারপাশে অজ্ঞাত লোকজন ঘোরাফেরা করে। শারমিনের চাচা নূর হোসেন অভিযোগ করেন, আসামির আত্মীয়স্বজনেরা তাঁকে মামলার তদ্বির না করার জন্য নানাভাবে চাপ সৃষ্টি করছে।শারমিনের বাবা হারুন সরদার ঢাকায় একটি বিদ্যালয়ের ভ্যান চালিয়ে সামান্য আয় করেন। তিনি বলেন, ‘মামলা চালানোর সামর্থ্য আমার নেই। জানি না, শেষ পর্যন্ত আমরা বিচার পাব কি না।’তদন্তকারী কর্মকর্তা এসআই আনসারুজ্জামান জানান, আসামিদের গ্রেপ্তারে নানামুখী চেষ্টা চলছে।