দেড় মাসেও কোনো আসামি গ্রেপ্তার হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় নাজমুল হাসানের হত্যাকাণ্ডের দেড় মাস পার হলেও পুলিশ কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে গতকাল রোববার মানববন্ধন হয়েছে।
উপজেলা পরিষদের সামনে সকাল সাড়ে ১০টায় এ কর্মসূচি পালিত হয়। নাজমুল হাসান (৪০) উপজেলার মহাদান ইউনিয়নের সেঙ্গুয়া গ্রামের বাসিন্দা। নাজমুলের পরিবারের সদস্যরা বলেন, জমি নিয়ে বিরোধের জের ধরে গত ২০ জানুয়ারি দুপুরে প্রতিবেশী সোহরাব আলী ও তাঁর লোকজন নাজমুলকে পিটিয়ে হত্যা করে। ঘটনার পরদিন নাজমুলের মা নুরুন্নাহার বেওয়া বাদী হয়ে সোহরাব আলীকে প্রধান আসামি করে ১২ জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেন।
হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে গতকাল সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত স্থানীয় বাসিন্দারা মানববন্ধন করেন। এতে বক্তব্য দেন নাজমুলের মা নুরুন্নাহার বেওয়া, চাচাতো ভাই মাসুদ হাসান, শ্বশুর আবদুল করিম, চাচা জয়নাল আবেদীন, ছোট ভাই আল আমীন হাসান প্রমুখ। এ সময় নাজমুলের ছয় বছরের শিশু তার বাবার হত্যাকারীদের বিচার চায়।
নাজমুলের পরিবারের একাধিক সদস্য অভিযোগ করেন, পুলিশ এত দিন পরও কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারছে না।
অথচ আসামিরা এলাকায় ঘুরে বেড়াচ্ছে।
মামলার তদন্ত কর্মকর্তা সরিষাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. ছাইদ বলেন, আসামিরা পলাতক থাকায় তাঁদের গ্রেপ্তার করা সম্ভব হচ্ছে না।