দেড় মাসেও গৃহনির্মাণের টাকা পায়নি ১০ হাজার পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী উদ্বোধনের পর দেড় মাস পেরিয়ে গেলেও সাতক্ষীরার আইলাদুর্গত শ্যামনগর ও আশাশুনি উপজেলার মানুষ গৃহনির্মাণ মঞ্জুরির টাকা পায়নি। এ কারণে অনেকে নিজ ভিটায় ফিরতে পারছে না। আবার অনেকে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বাঁধ ছেড়ে বাড়ি ফিরলেও আর্থিক অনটনের কারণে ঘর বাঁধতে পারছে না। তারা খোলা আকাশের নিচে রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে দুর্বিষহ জীবন যাপন করছে।প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারি বিধি ভঙ্গ করে গৃহনির্মাণ মঞ্জুরির জন্য তালিকা তৈরি করা হয়েছে—এমন অভিযোগ এনে তা সংশোধনের জন্য স্থানীয় সাংসদ আদালতে একটি রিট করেছেন। এতে আটকে আছে প্রায় ১০ হাজার পরিবারের গৃহনির্মাণ মঞ্জুরির টাকা।২০০৯ সালের ২৫ মে ঘূর্ণিঝড় আইলা গোটা জেলার ব্যাপক ক্ষতি করে। শ্যামনগর উপজেলার গাবুরা, পদ্মপুকুর ইউনিয়ন ও আশাশুনির প্রতাপনগর ইউনিয়নের কয়েকটি গ্রাম সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে যায়। এতে মানুষের অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়ে।শ্যামনগরের উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দপ্তর সূত্রে জানা যায়, গাবুরা, পদ্মপুকুর ও প্রতাপনগর ইউনিয়নের মানুষের জন্য পরিবারপ্রতি ২০ হাজার টাকা গৃহনির্মাণ মঞ্জুরি প্রদানের সিদ্ধান্ত নেয় খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। সে অনুযায়ী গাবুরা ইউনিয়নে পাঁচ হাজার ৫০০ পরিবার, পদ্মপুকুরে চার হাজার ও প্রতাপনগর ইউনিয়ন থেকে ৫০০—মোট ১০ হাজার পরিবারের তালিকা প্রস্তুত করা হয়। পরে জনপ্রতিনিধি, সরকারি ও বেসরকারি সংস্থার কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত কমিটি ওই তালিকা যাচাই-বাছাই করে। গত জুন মাসে জেলা প্রশাসকের অনুরোধে সেনাবাহিনী ওই তালিকা যাচাই-বাছাই ও সংযোজন-বিয়োজন করে। সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী ২৩ জুলাই শ্যামনগরে এসে গৃহনির্মাণ মঞ্জুরির চেক প্রদান কর্মসূচির উদ্বোধন করেন। সেদিন আইলায় ক্ষতিগ্রস্ত ১০টি পরিবারকে ২০ হাজার টাকার চেক দেওয়া হয়। বাকি নয় হাজার ৯৯০টি পরিবার তাদের নামে মঞ্জুরিকৃত অর্থ এখনো পায়নি। গাবুরা ইউনিয়নের পারশেমারি গ্রামের কাসেম আলী গাজী (৭৫) জানান, গৃহনির্মাণের তালিকায় নাম আছে তাঁর, কিন্তু এখনো তিনি টাকা পাননি। নদীর পানি ঢোকা বন্ধ হয়ে গেলেও ভিটায় ফিরতে পারছেন না আর্থিক অনটনের কারণে। প্রায় একই কথা বললেন ৯ নম্বর সোরা গ্রামের জিয়াদ আলী (৭০), পদ্মপুকুর ইউনিয়নের মিজানুর রহমান (৩৮), পাখিমারা গ্রামের আনছার সরদারসহ (৫৫) অনেকে।গাবুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) পারশেমারি গ্রামের সামছুর রহমান (৭০) জানান, লোকালয়ে নদীর পানি ঢোকা বন্ধ হয়ে যাওয়ায় বাস্তুভিটায় ফিরে এসেছেন। আর্থিক অনটনে ঘর তৈরি করতে না পেরে রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে দুর্বিষহ জীবন যাপন করছেন।শ্যামনগরের ইউএনও শাব্বীর আহমেদ প্রথম আলোকে জানান, সাতক্ষীরা-৪ আসনের সাংসদ এইচ এম গোলাম রেজা তালিকা সংশোধনের জন্য আবেদন জানিয়ে গত ১৮ জুলাই হাইকোর্টে রিট করেছেন। তালিকা কেন সংশোধন করা হবে না, তা আগামী সাত দিনের মধ্যে আদালতকে জানানোর জন্য সরকারের প্রতি রুল জারি করেন আদালত।ইউএনও আরও জানান, তিনি গত ১ আগস্ট শ্যামনগরে অবস্থিত সেনাবাহিনীর ৯ ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের কমান্ডিং অফিসারকে ১০ দিনের মধ্যে তাঁদের আগের তালিকা যাচাই-বাছাই করে মতামত দেওয়ার অনুরোধ করে চিঠি দেন। সেনাবাহিনীর কমান্ডিং অফিসার গত ২২ আগস্ট অপর এক চিঠিতে আদালতের বিস্তারিত কাগজ ও নির্দেশনা না পেলে তালিকা যাচাই-বাছাই করতে অপরাগতা প্রকাশ করেন।সাংসদ এইচ এম গোলাম রেজা অভিযোগ করেন, তালিকা তৈরিতে সরকারি বিধি ভঙ্গ করা হয়েছে। পাকা বাড়ি আছে, চাকরি করে, যৌথ পরিবারের দু-তিনজনের নাম, এমনকি ভারতে বাস করে এমন ব্যক্তির নামও তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এ জন্য তিনি আদালতে তালিকা সংশোধনের জন্য রিট করেছেন।