দেড় মাসেও রাজধানীর গোপীবাগে বাবা-ছেলেসহ ছয়জনকে জবাই করে হত্যার রহস্য উদ্ঘাটনে অগ্রগতি নেই। পুলিশ এখন পর্যন্ত হত্যায় জড়িত কাউকেই শনাক্ত করতে পারেনি। এ অবস্থায় আতঙ্কে আছে ভুক্তভোগী পরিবারটি। ইতিমধ্যে গোপীবাগের বাসা ছেড়ে অজ্ঞাত স্থানে চলে গেছে তারা।
গত বছরের ২১ ডিসেম্বর ওয়ারী থানার গোপীবাগের বাসায় কথিত আধ্যাত্মিক সাধক লুৎফোর রহমান, তাঁর ছেলে সরোয়ার ইসলামসহ ছয়জনকে জবাই করে হত্যা করে দুর্বৃত্তরা। খুন হওয়া বাকি চারজন লুৎফোরের শিষ্য ছিলেন। এ ঘটনায় লুৎফোরের ছোট ছেলে আবদুল্লাহ আল ফারুক বাদী হয়ে অজ্ঞাতনামা ১০-১২ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন।
ধর্মীয় ভিন্নমতের কারণে উগ্রপন্থীরাই অনুসারীসহ লুৎফোর রহমানকে খুন করে থাকতে পারে বলে পুলিশের ধারণা। এর বাইরে এত দিনেও হত্যাকারীর পরিচয় বা উদ্দেশ্য সম্পর্কে নিশ্চিত হতে পারেনি পুলিশ।
মামলার এজাহার ও সরেজমিনে পাওয়া তথ্য অনুযায়ী, লুৎফোর রহমান প্রচলিত অনেক ধর্মীয় রীতিনীতি, দল ও দলীয় নেতাদের মতাদর্শের ঘোর বিরোধী ছিলেন। তিনি নিজেকে ইমাম মাহদির প্রধান সেনাপতি দাবি করতেন।
ওয়ারী থানায় মামলা দায়েরের কয়েক দিন পর এটি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়। পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশও প্রাথমিক তদন্তের পর বলেছিল, উগ্র কোনো গোষ্ঠীই এ হত্যায় জড়িত থাকতে পারে। সন্দেহের তালিকায় আছে বেশ কয়েকটি উগ্রপন্থী সংগঠন। ডিবি তখন জানায়, এ ছাড়া আরও বেশ কয়েকটি সূত্র ধরে পৃথক তিনটি দল তদন্ত করছে। কিন্তু দেড় মাস হয়ে গেলেও এখন পর্যন্ত জড়িত কাউকে শনাক্ত করতে পারেনি।
এ ব্যাপারে ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম সম্প্রতি সাংবাদিকদের জানান, দুটি উগ্র গোষ্ঠীকে সন্দেহ করা হচ্ছে। এদের মধ্যে ইতিমধ্যে একটি নিষিদ্ধ। তবে এখন পর্যন্ত কাউকে শনাক্ত করা যায়নি।
মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির পরিদর্শক আবু আল খায়ের প্রথম আলোকে বলেন, ‘দীর্ঘদিন পরিকল্পনা করে খুব নিখুঁতভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। হত্যাকারীরা কোনো ধরনের প্রমাণ রেখে যায়নি। তাই রহস্য উদ্ঘাটন করতে খুব সতর্ক ও নিবিড়ভাবে তদন্তকাজ চালানো হচ্ছে। এ কারণে রহস্য উদ্ঘাটন করতে একটু সময় লাগছে।’
এদিকে পুলিশ এ পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে না পারায় আতঙ্কে দিন কাটছে লুৎফোরের পরিবারের। ইতিমধ্যে গোপীবাগের বাসা ছেড়ে অন্যত্র বাস করছেন তাঁরা।
মুঠোফোনে যোগাযোগ করা হলে লুৎফোরের ছেলে আবদুল্লাহ আল ফারুক প্রথম আলোকে বলেন, ‘বাইরে বের হলেই একটা আতঙ্কের মধ্যে থাকি। হত্যাকারীরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আমাদের এক মানসিক যন্ত্রণার মধ্যেই থাকতে হবে।’
বাবার ধর্মীয় বিশ্বাস সম্পর্কে আবদুল্লাহ বলেন, ‘তিনি লেখালেখি করে নিজের মতাদর্শ প্রচার করে গেছেন। যারা মানার তারা মেনেছে। এখন পরিবারের কেউ ওই মতাদর্শ প্রচার করবে না।’