দেড় মাসেও হয়নি কমিটি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৪ বছর পর লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রলীগের সম্মেলন গত ২৮ জুলাই অনুষ্ঠিত হয়। কমিটি গঠনের জন্য এ সম্মেলন হলেও দেড় মাসেও কমিটি করা হয়নি! এতে দলীয় নেতা-কর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, ২০১০ সালের ১৭ এপ্রিল উপজেলা, পৌর ও কলেজ শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়। তিন মাসের জন্য করা এ কমিটির কিছু নেতা টেন্ডারবাজি-চাঁদাবাজিতে জড়িয়ে পড়েন। এতে অতিষ্ঠ হয়ে পৃথকভাবে শতাধিক নেতা-কর্মী ছাত্রলীগ ছেড়ে ছাত্রদলে যোগ দেন। দলকে ঢেলে সাজাতে কেন্দ্র থেকে জেলা ছাত্রলীগের নেতাদের চিঠি দেওয়া হয়। এ জন্য ২৮ জুলাই সম্মেলন করা হয়। কিন্তু রহস্যজনক কারণে জেলা ছাত্রলীগের নেতারা ওই সময় কমিটি ঘোষণা করেননি। রায়পুর সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি প্রার্থী মনির হোসেন বলেন, চাঁদাবাজ, বিবাহিত ও ছাত্রত্ব নেই এমন ব্যক্তিদের ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক বানাতে জেলা ছাত্রলীগের একজন নেতা তৎপর। সম্মেলনের দিন কাউন্সিলরদের মতামত নিয়ে কমিটি গঠন করা হলে ওই সব বিবাহিত অছাত্র নেতা হতে পারবেন না। এমন আশঙ্কা থাকায় সম্মেলন বানচাল করতে কৌশলে কমিটি গঠন করা হয়নি।উপজেলা ছাত্রলীগের সদ্য বিলুপ্ত হওয়া কমিটির আহ্বায়ক মারুফ বিন জাকারিয়া বলেন, সম্মেলনকে কেন্দ্র করে নেতা-কর্মীরা উজ্জীবিত হয়ে নানা আয়োজন করেন। কিন্তু রহস্যজনক কারণে কমিটি না হওয়ায় সবাই হতাশ হয়ে পড়েন। জেলা ছাত্রলীগের সভাপতি শেখ জামাল রিপন বলেন, দলের সম্মেলন করার মূল উদ্দেশ্য ছিল কমিটি গঠন করা। ওই দিন বিকেলে দ্বিতীয় অধিবেশনের সময় নেতারা কমিটি গঠনের জন্য বৈঠকে বসেন। পরিবেশ-পরিস্থিতির কারণে ওই দিন কমিটি গঠন করতে পারা যায়নি। তবে চাঁদাবাজ, বিবাহিত-অছাত্রদের বাদ দিয়ে অচিরেই কমিটি ঘোষণা করা হবে বলেও তিনি জানান।