দেড় যুগ ধরে বিনা বিচারে বন্দী চারজনের জামিন কেন নয়
পৃথক চারটি মামলায় বিনা বিচারে প্রায় দেড় যুগ ধরে কারাগারে থাকা চার আসামিকে আগামী ৪ ডিসেম্বর আদালতে হাজির করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ রোববার স্বতঃপ্রণোদিত রুলসহ এ আদেশ দেন।
ওই আসামিদের মধ্যে চান মিয়া, মকবুল ও সেন্টু ১৬ বছর ধরে এবং বিল্লাল হোসেন ১৪ বছর ধরে কারাগারে আছেন। রুলে ওই চারজনকে কেন জামিন দেওয়া হবে না—তা জানতে চাওয়া হয়েছে। বিবাদীদের ১০ দিনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। পাশাপাশি এসব মামলার নথিপত্র তলব করে ৪ ডিসেম্বর পরবর্তী দিন ধার্য করেছেন আদালত।
ওই চারজনের বিনা বিচারে দেড় যুগের বেশি সময় ধরে বন্দী থাকার বিষয়টি নিয়ে গত ১৬ নভেম্বর বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে সংবাদ প্রচারিত হয়। প্রতিবেদনটি আজ রোববার আদালতের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী আইনুন্নাহার সিদ্দিকা ও কুমার দেবুল দে। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম জহিরুল হক ও সহকারী অ্যাটর্নি জেনারেল মো. শহীদুল ইসলাম খান।
আইনুন্নাহার সিদ্দিকা প্রথম আলোকে বলেন, বিনা বিচারে কেউ দীর্ঘদিন কারাগারে আটক থাকুক—তা কেউই চায় না। প্রতিবেদনটি নজরে আনা হলে হাইকোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে রুল ও আদেশ দেন। ওই চারজন কাশিমপুর কারাগারে আছেন। হাইকোর্ট চার মামলার নথিপত্র তলব করেছেন। সংশ্লিষ্ট আদালতকে ৪ ডিসেম্বরের মধ্যে এসব নথিপত্র পাঠাতে বলা হয়েছে।
তথ্যানুসন্ধানে জানা গেছে, ১৯৯৯ সালে ঢাকার শ্যামপুর থানায় একটি হত্যা মামলা হয়। ওই মামলায় ২০০১ সালের ৭ ডিসেম্বর গ্রেপ্তার হন চান মিয়া। তখন থেকে তিনি কারাগারে আছেন। এখনো বিচার শেষ হয়নি। ১৯৯৯ সালে রাজধানীর উত্তরা থানায় করা একটি হত্যা মামলায় ২০০০ সালের ৭ ফেব্রুয়ারি মাদারীপুরের মকবুল হোসেন গ্রেপ্তার হন। ১৬ বছর ধরে তিনি কারাগারে আছেন। ১৭ বছর পেরিয়ে গেলেও ওই মামলার তদন্ত প্রতিবেদন দেওয়া হয়নি।
১৯৯৫ সালে মতিঝিল থানায় করা একটি হত্যা মামলায় গ্রেপ্তার সেন্টু ওরফে কামাল ২০০১ সালের ১৮ এপ্রিল থেকে কারাগারে আছেন। গত মাসেও তাঁকে আদালতে হাজির করা হয়। এখনো ওই মামলার বিচার শেষ হয়নি। আর ২০০২ সালে তেজগাঁও থানায় করা একটি হত্যা মামলায় ওই বছরের ২১ নভেম্বর গ্রেপ্তার হন বিল্লাল হোসেন। মামলাটি এখনো বিচারাধীন।