দেড় যুগ পর ভৈরবে জাতীয় পার্টির সম্মেলন
দেড় যুগ পর কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় গত শনিবার জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলন হয়েছে। স্থানীয় জিল্লুর রহমান পৌর মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন করেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন।
সম্মেলনে ভৈরব উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক আবদুস সালামকে সভাপতি, স্থানীয় সমন্বয়কারী এন কে সোহেলকে সাধারণ সম্পাদক ও উপজেলা যুবসংহতির আহ্বায়ক জাহাঙ্গীর আহমেদকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
সম্মেলনে বক্তারা বলেন, কঠিন রাজনৈতিক সংকট ও অনিশ্চয়তার মধ্যে দেশ পরিচালিত হচ্ছে। রাজনীতি দিন দিন সহিংস হয়ে উঠছে। এ অবস্থায় নির্বাচন অনুষ্ঠিত না হলে সংকট আরও তীব্র হবে। মানুষের জীবন ঝুঁকিতে চলে যাবে। সেই কারণে জাতীয় পার্টি নির্বাচনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। এ ছাড়া নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে নতুন নেতৃত্ব প্রয়োজন। সম্মেলনের মাধ্যমেই কেবল গ্রহণযোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা সম্ভব।
অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা জাতীয় পার্টির সহসভাপতি মোস্তফা খান পাঠান, ইসমাইল হোসেন, গোলাম মোস্তফা, সাংগঠানিক সম্পাদক মজিবুর রহমান, সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও কুলিয়ারচর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবদুস সাত্তার প্রমুখ।
এর আগে সম্মেলনে আসা দেড় সহস্রাধিক নেতা-কর্মীর অংশগ্রহণে শহরে একটি মিছিল বের করা হয়। মিছিলটি স্থানীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এন কে সোহেল জানান, এক মাসের মধ্যে ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।
জানা গেছে, সম্মেলনের মাধ্যমে ভৈরবে সর্বশেষ ১৯৯৫ সালে উপজেলা জাতীয় পার্টির কমিটি গঠন করা হয়। এর মধ্যে নানা সময়ে দল নেতৃত্বসংকটে পড়ে। ২০১২ সালের ফেব্রুয়ারিতে ভৈরব উপজেলা জাতীয় পার্টির সব সদস্য একযোগে পদত্যাগ করলে সাংগঠনিক অবস্থা নড়বড়ে হয়ে যায়। একই বছরের ১৭ নভেম্বর রিয়াজুল হককে আহ্বায়ক ও বিল্লাল হোসেন মোল্লাকে সদস্যসচিব করে উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটি গঠন করা হয়।