দেড় যুগ পর মুখোমুখি নৌকা-ধানের শীষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনের দেড় যুগ পর টাঙ্গাইল-৫ (সদর) আসনে নৌকা ও ধানের শীষ প্রতীক ভোটযুদ্ধে মুখোমুখি হয়েছে। ২০০৮ সালের নির্বাচনে এ আসনটি মহাজোট জাতীয় পার্টিকে ছেড়ে দেওয়ায় নৌকা প্রতীক ছিল অনুপস্থিত। আর ২০১৪ সালের ৫ জানুয়ারির সংসদ নির্বাচনে বিএনপি অংশ না নেওয়ায় ধানের শীষ প্রতীক ছিল না। বিএনপি–আওয়ামী লীগ দুই দলের নেতারাই মনে করছেন, অনেক বছর পর নৌকা-ধানের শীষের লড়াই হবে।

তবে জাতীয় পার্টির প্রার্থী শফিউল্লাহ আল মুনির এবং স্বতন্ত্র প্রার্থী মুরাদ সিদ্দিকী কাদের ভোটে হানা দেন, তা নিয়েও আওয়ামী লীগ–বিএনপির রয়েছে দুশ্চিন্তা।

টাঙ্গাইল সদর উপজেলা নিয়ে গঠিত এ আসনের বর্তমান সাংসদ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ছানোয়ার হোসেন এবারও দলীয় মনোনয়ন পেয়েছেন। বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন সাবেক মন্ত্রী মাহমুদুল হাসান। মাহমুদুল হাসান ১৯৮৮, ১৯৯১, ২০০১ ও ২০০৮ সালে এ আসন থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, গত ২০১৪ সালের নির্বাচনে বিএনপি মাঠে না থাকায় নির্বিঘ্নে আওয়ামী লীগ প্রার্থী বিজয়ী হয়েছেন। কিন্তু এবার শুধু ধানের শীষ নয়, তাকে মোকাবিলা করতে হচ্ছে মহাজোটের শরীক দল জাতীয় পার্টির প্রার্থী শফিউল্লাহ আল মুনির এবং স্বতন্ত্র প্রার্থী মুরাদ সিদ্দিকীকে। শফিউল্লাহ এবার প্রথম নির্বাচনে অংশ নিলেও মুরাদ সিদ্দিকী এর আগে তিনটি সংসদ নির্বাচনে অংশ নিয়ে উল্লেখযোগ্যসংখ্যক ভোট পেয়েছেন। শরিক দল জাতীয় পার্টির শফিউল্লাহ এবং স্বতন্ত্র মুরাদ সিদ্দিকী যে দলের ভোট টানবেন, তাদের বিপর্যয় হবে বলে মনে করা হচ্ছে।

তবে আওয়ামী লীগ নেতা–কর্মীদের ধারণা, শফিউল্লাহ ও মুরাদ সিদ্দিকী তাঁদের ভোটব্যাংকে হানা দিতে পারবেন না। তাঁরা বলছেন, জাতীয় পার্টির এ আসনে সাংগঠনিক ভিত্তি তেমন নেই। তাই তারা নির্বাচনে তেমন প্রভাব বিস্তার করতে পারবে না। আর মুরাদ সিদ্দিকীও আওয়ামী লীগের ভোটে কোনো ভাগ বসাতে পারবেন না।

বিএনপির প্রার্থী মাহমুদুল হাসান জানান, তিনি মন্ত্রী ও সাংসদ থাকাকালে টাঙ্গাইলে ব্যাপক উন্নয়ন করেছেন। তা ছাড়া এখানে ধানের শীষের ব্যাপক জনসমর্থন রয়েছে। সুষ্ঠু নির্বাচন হলে তিনি অবশ্যই বিজয়ী হবেন।

আওয়ামী লীগ প্রার্থী ছানোয়ার হোসেনও ২০১৪ সালে সাংসদ নির্বাচিত হওয়ার পর এলাকায় যথেষ্ট উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করেছেন বলে জানান। এ কারণে তিনি মনে করেন, শুধু দলীয় ভোট নয়, বাইরের অনেক সাধারণ ভোটও নৌকার পক্ষে আসবে।