দেড় যুগে পাঁচ কোটি টাকার বৈদ্যুতিক সরঞ্জাম চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া থেকে নওগাঁ বিদ্যুৎ সরবরাহকেন্দ্র পর্যন্ত প্রায় ৩৩ কিলোমিটার এলাকার বৈদ্যুতিক লাইনের পাঁচ কোটি টাকার তার ও সরঞ্জাম চুরি হয়ে গেছে। স্থানীয় লোকজনের অভিযোগ, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কর্মকর্তাদের গাফিলতি ও অবহেলার কারণে ১৮ বছর ধরে পর্যায়ক্রমে এ তার ও সরঞ্জাম চুরি হয়। বিদ্যুৎ বিভাগের সান্তাহার কার্যালয় সূত্রে জানা গেছে, নব্বইয়ের দশকে বগুড়া থেকে আদমদীঘি উপজেলার সান্তাহার ও নওগাঁ বিদ্যুৎ সরবরাহকেন্দ্র পর্যন্ত ৩৩ কেভি সঞ্চালন লাইনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হতো। চাহিদা বাড়ায় ১৯৯৪ সালে ৩৩ কেভি সঞ্চালন লাইনের পরিবর্তে নতুন করে ১৩২ কেভি উচ্চক্ষমতার বিদ্যুৎ সঞ্চালন লাইন চালু করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যুৎ বিভাগের এক কর্মকর্তা জানান, বর্তমানে অব্যবহূত বিদ্যুৎ লাইনের প্রায় ৩৩ কিলোমিটার পর্যন্ত তিন ফেসের সব তার, অ্যাংগেল ও ইনসুলেটর চুরি হয়ে গেছে। চুরি হয়ে যাওয়া তারসহ অন্যান্য সরঞ্জামের বাজারমূল্য আনুমানিক পাঁচ কোটি টাকা। এ লাইনের ২৮ কিলোমিটার বগুড়া ও পাঁচ কিলোমিটার অংশ নওগাঁয় ছিল। নওগাঁ বিদ্যুৎ সরবরাহকেন্দ্রের নির্বাহী প্রকৌশলী ফেরদৌস আলম বলেন, ৩৩ কেভি লাইন তদারকির দায়িত্ব একসময় নওগাঁ বিদ্যুৎ বিভাগের থাকলেও পরে বগুড়া বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষকে এ দায়িত্ব দেওয়া হয়।পিডিবির বগুড়া কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আরিফুর রহমান দাবি করের, ৩৩ কেভি লাইন তদারকির দায়িত্ব বগুড়া বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষের নয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ওই লাইন তদারকি ও নতুন লাইন স্থাপনের দায়িত্ব নওগাঁ বিদ্যুৎ সরবরাহকেন্দ্রকে দিয়েছে।