দেড় যুগেও সংস্কার হয়নি সেতু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেড় যুগেও সংস্কার না হওয়ায় পটুয়াখালীর বাউফল উপজেলার শৌলা-বগীবাজার সেতুটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। বিকল্প ব্যবস্থা না থাকায় নয় গ্রামের কয়েক হাজার মানুষ ঝুঁকি নিয়ে ওই সেতু দিয়েই চলাচল করছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাউফল কার্যালয় সূত্রে জানা গেছে, ১৯৯২-১৯৯৩ অর্থবছরে কালাই ইউনিয়নের বগী খালের ওপর সেতুটি নির্মাণ করা হয়। এলাকাবাসী সূত্রে জানা গেছে, ২০০৭ সালে ঘূর্ণিঝড় সিডরের সময় সেতুটির একটি অংশ দেবে যায়। এরপর সেতুটির সিমেন্টের তৈরি বেশ কয়েকটি স্ল্যাবও ভেঙে যায়। স্থানীয় লোকজন ভেঙে যাওয়া অংশে কাঠের টুকরা ফেলে রেখেছে। দীর্ঘ ১৮ বছর ধরে কোনো সংস্কারকাজ না হওয়ায় সেতুটির এ অবস্থা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সেতুর পশ্চিম পারে কর্পূরকাঠি ও পূর্বপারে শৌলা গ্রাম। পশ্চিম পাশে সেতু-সংলগ্ন এলাকায় তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান আছে। এগুলো হচ্ছে কর্পুরকাঠি মাধ্যমিক, কর্পূরকাঠি সরকারি প্রাথমিক ও কর্পূরকাঠি নৈশ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়। পূর্বপারে কসবা রাবেয়া বসরি দাখিল মাদ্রাসা। সেতুটির অবস্থা নড়বড়ে হওয়ায় এসব শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী ঝুঁকি নিয়ে চলাচল করছে। কর্পূরকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী সীমা বলে, ‘পুলটা (সেতুটি) ভাঙা। ক্লাশে যাওয়ার সময় এপারে (পূর্ব পারে) দাঁড়াইয়া থাকি। কেউ হাত ধরে পার করে না দিলে পুল পারাইতে পারি না। আবার ক্লাশ থেকে বাড়ি যাওয়ার সময়ও দাঁড়াইয়া থাকতে হয়।’বগী বাজারের মুদি ব্যবসায়ী মো. রহমান গাজী জানান, সপ্তাহে তিন দিন সেতুটির পশ্চিম পারে এবং তিন দিন পূর্ব পারে তিনটি হাট বসে। সেতুটি খারাপ হওয়ায় স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, সেতু-সংলগ্ন এলাকায় টেরেডেস হোমস নেদারল্যান্ড (টিডিএইচ) হাসপাতাল নামের একটি বেসরকারি স্বাস্থ্যসেবকেন্দ্র আছে। প্রতিদিন অসংখ্য রোগী এই সেতু পার হয়েই এখানে চিকিৎসা নিতে আসে। টিডিএইচ হাসপাতালের চিকিৎসক মো. রেজাউল করিম জানান, গুরুতর অসুস্থ রোগীরা এ সেতু দিয়ে আসতে পারে না। তখন নৌকা এনে রোগী পারাপার করতে হয়। কালাইয়া ইউয়িন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফয়সাল আহম্মেদ মোল্লা জানান, সেতুটি সংস্কারের জন্য বেশ কয়েক দফা কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হয়েছে। কিন্তু কোনো সাড়া মেলেনি।উপজেলা প্রকৌশলী মো. ইউনুচ মিয়া জানান, সেতুটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। খুব শিগগির মেরামতের কাজ শুরু করা হবে।