দেড় লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের সলঙ্গায় স্বামী-শাশুড়ির নির্যাতন সহ্য করতে না পেরে শাপলা খাতুন নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে গত বুধবার রাতে সলঙ্গা বাজারে সালিস বৈঠক হয়েছে।
বৈঠকে নির্যাতনের কারণে ওই গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে সত্যতা পাওয়ায় তাঁর স্বামীকে ১ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৈঠকে অংশগ্রহণকারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সলঙ্গা থানার সাতটিকরী গ্রামের আবদুস সাত্তারের ছেলে গোলাম মোস্তফা দেড় বছর আগে বনবাড়িয়া উত্তর পাড়া গ্রামের আবদুল কুদ্দুসের মেয়ে শাপলা খাতুনকে বিয়ে করেন। বিয়ের সময় ১ লাখ ৫ হাজার টাকা যৌতুক দেওয়া হয়। বিয়ের পর থেকেই শাপলা খাতুনের স্বামী ও শাশুড়ি তাঁকে আরও যৌতুকের দাবিতে নানাভাবে নির্যাতন চালিয়ে আসছিলেন। ১৫ ডিসেম্বর সকালে আবার শাপলার ওপর নির্যাতন শুরু হয়। একপর্যায়ে নির্যাতন সহ্য করতে না পেরে তিনি বিষপান করেন। পরে ওই দিন দুপুরেই চিকিৎসাধীন অবস্থায় সিরাজগঞ্জ সদর হাসপাতালে তিনি মারা যান। এ ঘটনায় সদর থানায় একটি অপমৃত্য (ইউডি) মামলা দায়ের করা হয়।
এ বিষয়ে বুধবার সন্ধ্যায় সলঙ্গা বাজারের সারহাটে স্থানীয় মাতাব্বরদের নিয়ে এক সালিস বৈঠক অনুষ্ঠিত হয়। সলঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউিপ) চেয়ারম্যান মোক্তার হোসেনের সভাপতিত্ব বৈঠকে সলঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল আজিজসহ স্থানীয় মাতাব্বরেরা উপস্থিত ছিলেন। প্রায় তিন ঘণ্টার বৈঠকে স্বামী ও শাশুড়ির নির্যাতন সহ্য করতে না পেরে শাপলা খাতুন আত্মহত্যা করেছেন বলে সবাই একমত হন। শেষে নয় সদস্যবিশিষ্ট বোর্ড গঠন করে ওই গৃহবধূর পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে এক লাখ ৫৫ হাজার টাকা জরিমানা নির্ধারণ করা হয়।
এ ব্যাপারে আবদুল আজিজ বলেন, ‘আমরা আইন হাতে তুলে নিতে পারি না। সালিস বৈঠকে নির্যাতনের কারণে আত্মহত্যা করেছেন বলে প্রমাণিত হওয়ায় মেয়ের বাবাকে ক্ষতিপূরণ বাবদ টাকা দেওয়ার বিষয়ে একমত হয়েছি। গতকাল বৃহস্পতিবার ওই টাকা মেয়ের বাবার হাতে তুলে দেওয়া হয়েছে।’