দেড় লাখ টাকার দুটি গাছ ১৩ হাজারে বিক্রি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল নগরের কাশিপুর এলাকায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের দুটি গাছ নামমাত্র দামে বিক্রি করা হয়েছে। ৫০ বছরের পুরোনো মেহগনি ও রেইনট্রি গাছ দুটির বাজারমূল্য আনুমানিক দেড় লাখ টাকা। কিন্তু সওজ গাছ দুটি প্রায় ১৩ হাজার টাকায় বিক্রি করেছে। শ্রমিক লীগের সভাপতি আফতাব হোসেনের কবির এন্টারপ্রাইজ সওজের কাছ থেকে গাছ দুটি কিনে নেয়। গত বুধবার মেহগনি গাছটি কাটা হয়েছে। আর গতকাল বৃহস্পতিবার রেইনট্রি গাছটির ডালপালা কাটা হচ্ছিল। সরেজমিন দেখা গেছে, কাশিপুর স্কুল অ্যান্ড কলেজের সামনে ঢাকা-বরিশাল মহাসড়কের পাশ থেকে মেহগনি গাছটি কাটা হয়ে গেছে। আর রেইনট্রি গাছটির ডালপালা কাটা হচ্ছে। স্থানীয় লোকজনের ধারণা, ৫০ বছর আগে গাছ দুটি লাগানো হয়েছিল। সওজ বিভাগে খোঁজ নিয়ে জানা গেছে, কবির এন্টারপ্রাইজের কাছে ১২ হাজার ৮২৪ টাকায় দুটি গাছ বিক্রি করা হয়েছে। উপসহকারী প্রকৌশলী ফকরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘জরিপ প্রতিবেদন অনুযায়ী মূল্য নির্ধারণ করি আমরা। আমাদের সরেজমিনে দেখার সুযোগ নেই। কী গাছ, কত দামে বিক্রি হবে, তা আমাদের জানা নেই।’স্থানীয় এক করাতকল ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘কেটে ফেলা গাছ দুটির বাজারমূল্য দেড় লাখ টাকা হবে।’ আফতাব হোসেন বলেন, কর্তৃপক্ষের অনুমতি নিয়েই গাছ কাটা হয়েছে।