মাসে দেড় লাখ টাকা ভাড়ায় শহরের একটি পুরোনো বাড়ি ও একটি কমিউনিটি সেন্টার ভাড়া নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজের ক্লাস শুরু হতে যাচ্ছে। স্থানীয় সাংসদের দুই ভাইয়ের কাছ থেকে অনেক টাকায় ভবন দুটি ভাড়া করে অনুন্নত পরিবেশে কলেজের যাত্রা শুরু করায় নানা প্রশ্ন দেখা দিয়েছে।এদিকে মেডিকেল কলেজ হাসপাতাল, প্রশাসনিক ভবন ও কলেজের ভবন নির্মাণ করার জন্য বরাদ্দ করা জায়গা সংকুলান হচ্ছে না। ১০ একর জায়গার মধ্যে তিন একর জায়গায় কয়েক বছর ধরে বসবাস করছে ভূমিহীনেরা।কলেজ সূত্রে জানা গেছে, চলতি শিক্ষাবর্ষে ১৬ জন ছাত্রীসহ ৫০ জন শিক্ষার্থীকে ভর্তি করা হয়েছে। অস্থায়ী ক্যাম্পাসের জন্য মাসে ৮০ হাজার টাকায় ভাড়া করা হয়েছে শহরের কাটিয়ার একটি কমিউনিটি সেন্টার। এ ছাড়া প্রশাসনিক ভবন ও ছাত্রাবাস হিসেবে ব্যবহারের জন্য ৭২ হাজার ৩৪০ টাকায় ভাড়া করা হয়েছে একই এলাকার একটি বাড়ি। ছাত্রীদের থাকার ব্যবস্থা করা হয়েছে শহরের নার্সিং ইনস্টিটিউটে। সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সভাপতি আবুল খায়ের ও সাধারণ সম্পাদক আলী নূর খান জানান, সাতক্ষীরায় কয়েক হাজার বিঘা খাসজমি প্রভাবশালী ব্যক্তি ও ভূমিদস্যুরা ভোগদখল করছেন। ওই জমি থেকে কলেজের জন্য বরাদ্দ না করে ভূমিহীনদের ভোগদখলে থাকা জমি বরাদ্দ করায় স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে। সাতক্ষীরা জেলা সুজনের সহসভাপতি অধ্যক্ষ আশেক-ই-এলাহি বলেন, ‘একটি পুরোনো বাড়ি ও একটি কউিনিটি সেন্টারের মাসে ভাড়া এক লাখ ৫২ হাজার টাকা—এ হতে পারে না। সাতক্ষীরার যেকোনো মানুষ এটা শুনলে অবাক হবে।’ সাতক্ষীরা জেলা ন্যাপের সাধারণ সম্পাদক কাজী সাইদুর রহমান জানান, সদর আসনের সাংসদ আবদুল জব্বারের দুই ভাইয়ের কাছ থেকে ভবন দুটি ভাড়া নেওয়াটা আশ্চর্যের বিষয়।নাম প্রকাশ না করার শর্তে কাটিয়া এলাকার একজন ব্যবসায়ী জানান, মেডিকেল কলেজ করার জন্য ভাড়া করা পুরোনো ভবনটি ১৯৬৭ সালে নির্মিত। বাড়িটি ১৯৯৬ সাল থেকে অব্যবহূত অবস্থায় পড়ে ছিল। আধুনিক কোনো সুযোগ-সুবিধা না থাকায় আবদুল হামিদের ওই বাড়িটি রং করে ভাড়া নির্ধারণ করা হয়েছে ৭২ হাজার টাকা এবং আবদুল হাকিমের কমিউনিটি সেন্টারের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৮০ হাজার টাকা। সাতক্ষীরা শহরে সেকেলের দুটি বাড়ি এত টাকায় ভাড়া নেওয়াটা বিস্ময়কর ব্যাপার।সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ এস জেড আতিক জানান, বাড়িভাড়ার বিষয়টি কর্তৃপক্ষের সিদ্ধান্তে হয়েছে। শহরে ক্লাস শুরু করার মতো অন্য বাড়ি পাওয়া যায়নি বলে দাবি করেন তিনি।