দেড় লাখ দুস্থ ভিজিএফ পাবে না?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল ও ঈশ্বরগঞ্জ উপজেলার প্রায় দেড় লাখ হতদরিদ্র ব্যক্তির ঈদের আগে ভিজিএফের খাদ্য সহায়তা পাওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। চালের পর্যাপ্ত মজুত না থাকায় এখনো বরাদ্দ পাওয়া যায়নি বলে জানিয়েছেন উপজেলা খাদ্য কর্মকর্তা। এ কারণে ঈদের আগে চাল বা গম বিতরণ করা সম্ভব হবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছে প্রশাসন। এদিকে ওই চাল না পেলে দুস্থ ব্যক্তিদের ঈদের আনন্দ মাটি হয়ে যাবে।

নান্দাইল ও ঈশ্বরগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা যায়, গতবারের হিসাবে ২টি পৌরসভা ও ২৩টি ইউনিয়নে হতদরিদ্র ব্যক্তির সংখ্যা প্রায় ১ লাখ ৪৫ হাজার ৯৯৯। প্রত্যেক হতদরিদ্র ব্যক্তিকে ১০ কেজি করে চাল বরাদ্দ দেওয়ার জন্য নান্দাইল ও ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে চলতি মাসে চিঠি এসেছে। গতবারের হিসাবে নান্দাইল উপজেলার ৭২ হাজার ৪১১ জন হতদরিদ্র ব্যক্তির জন্য বরাদ্দ ছিল ৭২৪ মেট্রিক টন। অন্যদিকে ঈশ্বরগঞ্জ উপজেলার ৭৩ হাজার ৫৮৮ জনের জন্য ৭৩৫ মেট্রিক টন বরাদ্দ ছিল।

গত সোমবার মুঠোফোনে ঈশ্বরগঞ্জ উপজেলার ইউএনও মিতু মরিয়ম ভিজিএফ কর্মসূচির বরাদ্দ হিসেবে মাথাপিছু ১০ কেজি করে বরাদ্দ বিতরণ করার চিঠি পেয়েছেন বলে জানান। তিনি আরও বলেন, চিঠির ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য তিনি উপজেলা খাদ্য বিভাগকে নির্দেশ দিয়েছেন। ঈশ্বরগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মুহাম্মদ আলাউদ্দিন মিয়া বলেন, চালের বদলে গম বিতরণের নির্দেশনা এসেছে। স্থানীয় খাদ্যগুদামে গমেরও পর্যাপ্ত মজুত নেই। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ গম পাঠালে বরাদ্দ ছাড় করা সম্ভব হবে।

নান্দাইল উপজেলার ইউএনও হাফিজুর রহমানও ভিজিএফ বিতরণের চিঠি পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, ঈদের আগে ওই বরাদ্দ বিতরণ করা সম্ভব না-ও হতে পারে। কারণ হিসেবে তিনি বলেন, কমিটির সভা করে তালিকা অনুমোদন, বরাদ্দ ছাড় করার পর তা পরিবহন করে বিতরণস্থলে নেওয়াসহ বিভিন্ন কাজ ঈদের আগে সম্পন্ন করা সম্ভব হবে না।

ভিজিএফের বরাদ্দের বিষয়ে কথা বলার জন্য গতকাল দুপুরে নান্দাইল উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি তা ধরেননি। তবে এ বিষয়ে উপজেলা খাদ্যগুদাম কর্মকর্তা (ওসি-এলএসডি) মো. খালিদ হোসাইন বলেন, গত সোমবার পর্যন্ত বরাদ্দ ছাড় করার নির্দেশ পাননি। তা ছাড়া গুদামে চালের পর্যাপ্ত মজুত নেই।