দেড় লাখ মানুষের চিকিৎসক একজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৩ জুন বেলা ১১টা। জয়পুরহাটের কালাই উপজেলা বহির্বিভাগের সামনে রোগীদের প্রচণ্ড ভিড়। চিকিৎসক নেই। জরুরি বিভাগের পাশাপাশি বহির্বিভাগের রোগীদের চিকিৎসা ও ব্যবস্থাপত্র দিচ্ছিলেন সহকারী চিকিৎসা কর্মকর্তা আবদুল মালেক। রোগীদের ভিড়ের মধ্যেই সেখানে দাঁড়িয়ে ছিলেন বিভিন্ন ওষুধ কোম্পানির কয়েকজন বিক্রয় প্রতিনিধি।বহির্বিভাগের সামনে অপেক্ষমাণ রোগীরা জানায়, দীর্ঘদিন ধরে এ হাসপাতালে চিকিৎসক নেই। বুকের ব্যথার চিকিৎসা নিতে আসা উপজেলার বানিহারা গ্রামের সালেহা বেওয়া (৭০) বলেন, ‘ডাকতারের জন্যি লিত্তি (প্রতিদিন) আসি, এক দিনও দেকা পাই না। ডাকতারের কমপাউন্ডাররা চিকিৎসা দিবার চায়, ভরসা পাই না।’ নারী ওয়ার্ডে ভর্তি থাকা আফুজা বেগম (৪০) বলেন, ‘এড্যা ক্যাংকা হাসপাতাল। প্যাটের ব্যথা লিয়ে এটে ভর্তি হনুু, এখন দেকোচি সব ওষুদই দোকান থাকে কিনে খাওয়া লাগোচে, রাতে কারিন্ট গেলে অন্ধারত থাকতে হয়।’উপজেলা সদরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির উদ্দিন বলেন, বছরের পর বছর এ হাসপাতালে চিকিৎসা সহকারীরাই চিকিৎসা দিচ্ছেন। এতে রোগীরা ন্যূনতম চিকিৎসাসেবা পাচ্ছে না, চিকিৎসক না থাকলেও ওষুধ কোম্পানির লোকজনের দৌরাত্ম্যের কমতি নেই। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০০৬ সালের ৯ মার্চ তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ৩১ শয্যার কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যায় উন্নীতকরণের উদ্বোধন করেন। কিন্তু কার্যত এখানে ৩১ শয্যারই সুযোগ-সুবিধা নেই। দীর্ঘদিন ধরে আবাসিক চিকিৎসা কর্মকর্তাসহ মাত্র দুজন চিকিৎসক চিকিৎসা দিয়ে আসছিলেন। ২৩ জুন তাঁদের একজনকে জয়পুরহাট জেলা সদর হাসপাতালে বদলি করা হয়েছে। ফলে উপজেলার দেড় লাখ মানুষের চিকিৎসাসেবার জন্য আছেন একজন চিকিৎসক।স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশাসক মো. রুহুল আমীন সুন্নামত বলেন, চিকিৎসক-সংকটে কমপ্লেক্সে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। চিকিৎসক-সংকটের কারণে সহকারীদের দিয়ে জরুরি এবং বহির্বিভাগে চিকিৎসাসেবা দিতে হচ্ছে।