দেড় লাখ মুরগি নিধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকায় বে-অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের পোলট্রি খামারে প্রায় দেড় লাখ মুরগি নিধন ও কয়েক লাখ ডিম নষ্ট করা হয়েছে। সোমবার খামারের মুরগিতে অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জার (বার্ড ফ্লু) সংক্রমণ ধরা পড়ে। গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল ইসলাম গতকাল মঙ্গলবার সকালে মুরগি নিধন ও ডিম নষ্ট করার কাজ পরিদর্শন করেন। খামারের মালিক মো. আনিছুর রহমান জানান, আট মাস আগে তিনি আমেরিকান ‘রস কড’ জাতের দেড় লক্ষাধিক বাচ্চা মুরগি পোলট্রি খামারে তোলেন। এরপর ছয় মাস বয়স থেকেই এরা ডিম দিতে শুরু করে। এসব ডিম থেকেই সাধারণত বাচ্চা ফোটানো হয়। ২০ ডিসেম্বর থেকে মুরগিগুলোতে মড়ক দেখা দেয়। পরে মরা মুরগির নমুনা গাজীপুর জেলা প্রাণিসম্পদ হাসপাতালের মাধ্যমে ঢাকায় কেন্দ্রীয় রোগ অনুসন্ধান গবেষণাগারে পরীক্ষার জন্য পাঠানো হয়। গত সোমবার ওই পরীক্ষায় অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাস সংক্রমণের বিষয়টি জানা গেলে মুরগিগুলো ধ্বংসের নির্দেশনা দেয় কর্তৃপক্ষ। প্রাণিসম্পদ বিভাগ ও জেলা প্রশাসনের উদ্যোগে সংক্রমিত মুরগিগুলো গত সোমবার সন্ধ্যা থেকেই নিধনের কার্যক্রম শুরু করা হয়। এতে সব মিলিয়ে ক্ষতির পরিমাণ ২০ কোটি টাকার মতো হবে বলে জানা গেছে।জেলা প্রশাসক জানান, এ প্রকল্পে ক্ষতিপূরণ হিসেবে প্রতি মুরগির জন্য সরকারিভাবে বরাদ্দ ২৫০ টাকা ও ডিমপ্রতি পাঁচ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে।