প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেড় শ কোটি মুসলমানকে বাদ দিয়ে বিশ্বে স্থায়ী ও টেকসই শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় মুসলমানদের জীবনপ্রণালি ও সংস্কৃতি সম্পর্কে বিশ্ববাসীর সঠিক ধারণা থাকতে হবে। গতকাল মঙ্গলবার গাজীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) ২৬তম সমাবর্তনে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। খবর বাসসের।শেখ হাসিনা বলেন, ওআইসিভুক্ত ৫৭টি দেশের মধ্যে গভীর ভ্রাতৃত্ব বন্ধনের ফলে গোটা বিশ্ব, বিশেষ করে উন্নত বিশ্ব আজ বুঝতে পেরেছে মুসলিম বিশ্বের সঙ্গে ন্যায়বিচারের ভিত্তিতে সম্পর্ক স্থাপন অত্যন্ত জরুরি।আইইউটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ইমতিয়াজ হোসেইনের সভাপতিত্বে অনুষ্ঠানে তুরস্কের রাষ্ট্রদূত ও আইইউটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মেহমেত ভাকুর এরকুল বক্তৃতা করেন।অনুষ্ঠানে ওআইসির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক মহাপরিচালক রাজলি বিন নরডিন সংস্থাটির মহাসচিব ও আইইউটির আচার্য একমেলেদ্দিন ইশানোগলুর বাণী পড়ে শোনান। ধন্যবাদ জ্ঞাপন করেন বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার আহসান হাবিব।প্রধানমন্ত্রী গ্র্যাজুয়েটদের প্রতি তাঁদের অর্জিত কারিগরি জ্ঞান ও অভিজ্ঞতা নিজ নিজ দেশের আর্থ-সামাজিক উন্নয়নে কাজে লাগানোর আহ্বান জানান। তিনি তাঁদের বলেন, ‘বিজ্ঞানী ও কারিগরি বিশেষজ্ঞ হিসেবে সমসাময়িক বিভিন্ন সমস্যা সমাধানের উপায় বের করে জাতি গঠনের স্পৃহা ও মানসিক শক্তিতে বলিয়ান হয়ে একটি শান্তিপূর্ণ বিশ্ব গড়ে তোলার লক্ষ্যে তোমাদের কাজ করতে হবে।’আইইউটি থেকে বের হওয়া শিক্ষার্থীদের কর্মকাণ্ড ও সাফল্যের ওপরই প্রতিষ্ঠানটির সাফল্য নির্ভর করছে উল্লেখ করে শেখ হাসিনা শিক্ষার্থীদের বলেন, ‘প্রকৃত অর্জন শুধু নিজ নিজ সাফল্যের ওপরই নির্ভর করে না, এটা নির্ভর করে বৃহত্তর মানবিক উন্নয়নে তোমরা কতটুকুু আত্মনিয়োগ করতে পেরেছ তার ওপর।’ তিনি বলেন, বিশ্বায়ন ও তথ্যপ্রযুক্তির সহজলভ্যতার ফলে পৃথিবীর দেশগুলোর মধ্যে যোগাযোগ বাড়ছে এবং ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠছে। তবে প্রতিটি পরিবর্তনই নতুন নতুন চ্যালেঞ্জের জন্ম দিচ্ছে। প্রতিটি দেশ তাদের নিজস্ব পদ্ধতিতে এসব চ্যালেঞ্জ মোকাবিলার চেষ্টা করছে। বিশ্বের এই পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের ৬৫তম অধিবেশনে তাঁর ‘জনগণের ক্ষমতায়ন’ মডেল উপস্থাপনের উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এর মূল কথা হচ্ছে বিশ্বের সব মানুষের সম্প্রীতির সঙ্গে বসবাস ও টেকসই উন্নয়ন নিশ্চিত করা।এই বিশাল কর্মযজ্ঞ সফলভাবে বাস্তবায়নের জন্য তিনি সবার সমর্থন কামনা করেন।