দেড় শ গাছের প্রাণ নিল দুর্বৃত্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শত্রুতা করে দেড় শ মেহগনি ও আমগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। গোড়াগুলোর কাছেই কাটা অংশ মাটিতে পড়ে আছে। তা দেখাচ্ছেন কৃষক বিকাশ ঘোষ। ঝিনাইদহের কোটচাঁদপুরের সলেমানপুর ঘোষপাড়া থেকে গতকাল তোলা ছবি l প্রথম আলো
শত্রুতা করে দেড় শ মেহগনি ও আমগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। গোড়াগুলোর কাছেই কাটা অংশ মাটিতে পড়ে আছে। তা দেখাচ্ছেন কৃষক বিকাশ ঘোষ। ঝিনাইদহের কোটচাঁদপুরের সলেমানপুর ঘোষপাড়া থেকে গতকাল তোলা ছবি l প্রথম আলো

বাবা মারা গেছে সবে দুই সপ্তাহ পেরিয়েছে। সেই শোক না কাটতেই আরেক শোকে মুহ্যমান বিকাশ কুমার ঘোষ। ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার এই বাসিন্দার দেড় শ মেহগনি ও আমগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।
গত রোববার রাতের কোনো এক সময়ে উপজেলার সলেমানপুর ঘোষপাড়া গ্রামের মাঠের গাছগুলো কাটা হয়। গতকাল সোমবার বেলা ১১টার দিকে সরেজমিনে দেখা যায়, সারি সারি কাটা গাছ পড়ে আছে। জমির আইলে মেহগনি আর মাঝে আমের গাছ। মাটি থেকে দু–তিন ফুট রেখে গাছগুলোকে ধারালো অস্ত্র দিয়ে কাটা হয়েছে। বাগানটির পশ্চিম ও উত্তরে রয়েছে ধানিজমি।
গাছগুলোর মালিক বিকাশ কুমার ঘোষ (৩৮) বললেন, পড়ালেখা শেষ করে তিনি সরাসরি কৃষিকাজে মন দেন। নিজের ১২ বিঘা চাষযোগ্য জমি আছে। এসব জমিতে ফলের বাগানসহ বিভিন্ন ফসলের চাষ করেন। শ্রমিক দিয়ে কাজ করালেও নিজে সারাক্ষণ তদারক করেন।
ঘোষপাড়া মাঠের এই এক একর জমিতে চার বছর আগে ২০০ আমগাছ আর ১০০ মেহগনিগাছ লাগিয়েছিলেন। দুই ধরনের গাছই বেশ বড় হয়েছিল। বিকাশের আশা ছিল, এ বছরই বাগান থেকে আম পাবেন তিনি। আর মেহগনিগাছগুলো বড় হলে একটা সময় অনেক টাকা আসবে বলে স্বপ্ন দেখছিলেন।
বিকাশ কুমার জানান, ১০ মার্চ তাঁর বাবা অসিত কুমার ঘোষ মারা যান। গতকাল সোমবার বাড়িতে শ্রাদ্ধের অনুষ্ঠান ছিল। সে কাজেই তিনি সকালে ওই বাগানে গিয়েছিলেন। বাগানে থাকা কলাগাছের কিছু পাতা কাটতে চেয়েছিলেন। গিয়েই দেখতে পান, তাঁর স্বপ্নগুলো শেষ করে দিয়ে গেছে দুর্বৃত্তরা। ১০০ মেহগনি কাছের কোনোটিই সোজা নেই। মাটিতে পড়ে আছে ৫০টি আমগাছও।
এ নিষ্ঠুরতা কাদের তা বুঝতে পারছেন না বিকাশ ঘোষ। কারণ, জানামতে তাঁর কোনো শত্রু নেই। তবে তিনি সন্দেহ করছেন, এই গাছের কারণে আশপাশের যারা ক্ষতির আশঙ্কা করছেন, তাঁরা এ ঘটনা ঘটাতে পারেন।
বিকাশ কুমার বলেন, তিনি অভিযোগ দিতে থানায় গিয়েছিলেন। কিন্তু ওসিকে পাননি। বাড়িতে বাবার শ্রাদ্ধানুষ্ঠান থাকায় দ্রুতই ফিরে আসতে হয়েছে। তবে শিগগিরই আবার থানায় যাবেন।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা বলেন, এ ধরনের অভিযোগ নিয়ে তাঁর কাছে কেউ আসেননি। এলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।