দেড় শ গুলিসহ দুজন গ্রেপ্তার
রাজধানীর মধ্য পাইকপাড়ার আহম্মেদনগর এলাকার একটি বাসা থেকে গতকাল বুধবার রাতে দেড় শ গুলিসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন মাহফুজুর রহমান ও তাঁর বন্ধু পুষ্পু।
মিরপুর থানার পুলিশ জানায়, গতকাল সন্ধ্যায় মিরপুর থানায় খবর আসে যে অবৈধভাবে বিদেশে ফোন করার ভয়েস অব ইন্টারনেট প্রটোকলের (ভিওআইপি) ব্যবসা চলছে আহম্মেদনগরের একটি বাড়িতে। এ তথ্যের ভিত্তিতে মিরপুর থানার পুলিশ ওই বাড়িতে অভিযান চালায়। তল্লাশি চালিয়ে পুলিশ ওই বাড়ির স্টিলের আলমারির নিচে একটি প্যাকেটে রাখা দেড় শ গুলি উদ্ধার করে। উদ্ধার হওয়া গুলি রিভলবার ও পিস্তলের। এ ছাড়া পুলিশ ওই বাড়ি থেকে বিপুল ভিওআইপি সরাঞ্জমও উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ ওই বাড়ির মালিক পুষ্পু ও তাঁর বন্ধু মাহফুজকে গ্রেপ্তার করে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন জানান, গুলি উদ্ধারের ঘটনায় মাহফুজ ও পুষ্পুর বিরুদ্ধে মামলা হয়েছে। কোথা থেকে এতগুলো গুলি এসেছে, তা জানতে জিজ্ঞাসাবাদ চলছে।