বাজারমূল্যের চেয়ে প্রায় তিন গুণ কম দামে মাছের পোনা সরবরাহ করার কার্যাদেশ পেয়েছেন রাজশাহীর বাগমারার এক ব্যবসায়ী। বাজারের সঙ্গে সংগতি না থাকলেও পোনা ক্রয় কমিটি তাঁকেই সরবরাহের অনুমতি দিয়েছে। উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, অর্থনৈতিকভাবে পশ্চাৎপদ এলাকার জনগণের দারিদ্র্য বিমোচন প্রকল্পের আওতায় উপজেলার বিলকালাই বিলে চার লাখ টাকার রুই, কাতল ও মৃগেল মাছের পোনা ছাড়ার জন্য ১৩ সেপ্টেম্বর দরপত্র আহ্বান করা হয়। ২১ সেপ্টেম্বর দরপত্র দাখিলের শেষ দিনে ১১ জন ব্যবসায়ী তাঁদের দরপত্র দাখিল করেন। ওই দিনই দরপত্র যাচাই-বাছাই শেষে সর্বনিম্ন দরদাতা হিসেবে নির্বাচিত হন উপজেলার বোয়ালিপাড়ার ব্যবসায়ী জাহাঙ্গীর আলম। তিনি রুই, কাতল ও মৃগেল মাছের (১০ থেকে ১৪ সেন্টিমিটার দীর্ঘ) প্রতি কেজি পোনা ৪০ টাকা হিসেবে দিতে পারবেন বলে দরপত্রে উল্লেখ করেন। তাঁকে মাছের পোনা সরবরাহের জন্য কার্যাদেশও দিয়েছেন উপজেলা মৎস্য কর্মকর্তা। পোনা উৎপাদনকারী ও ব্যবসায়ী সূত্রে জানা গেছে, প্রতি কেজি মাছের পোনা সর্বনিম্ন রুই ১৪০, কাতল ১৫০ ও মৃগেল ১৩০ টাকা দরে বিক্রি হয়। এর কমে কোথাও এই পোনা পাওয়া যাবে না। দরপত্রে অংশ নেওয়া লাউপাড়ার পোনা ব্যবসায়ী আয়ুব আলী জানান, তিনি ১৪০ টাকা দর হিসেবে দরপত্র দাখিল করেছিলেন। বাজারের সঙ্গে সংগতি রেখেই তিনি দর দিয়েছেন। দেশের কোথাও ৪০ টাকা কেজি দরে পোনা পাওয়া যাবে না। দরপত্রে অংশ নেওয়া আরেক ব্যবসায়ী ইউসুফ আলী জানান, যে দামে পোনা সরবরাহের কথা বলা হয়েছে তা রহস্যজনক। দুর্নীতি করার জন্যই এ হাস্যকর দর দিয়ে কাজ নেওয়া হয়েছে।পোনা ক্রয় কমিটির সদস্য সচিব ও উপজেলা মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান বলেন, জাহাঙ্গীর আলম যে দরে পোনা সরবরাহের জন্য দরপত্র দাখিল করেছেন সে দামে দেশের কোথাও পোনা পাওয়া সম্ভব নয়। পোনা সরবরাহের দায়িত্ব পাওয়া ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের সঙ্গে কথা বলার চেষ্টা করেও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, ‘জাহাঙ্গীরের নামে দরপত্র ফেলা হলেও তা নিয়ন্ত্রণ করছেন উপজেলার চানপাড়ার ব্যবসায়ী সাইদুর রহমান। পোনা সরবরাহের কার্যাদেশসহ যাবতীয় কাগজপত্র তিনিই আমাদের কাছ থেকে গ্রহণ করছেন। আমরাও সাইদুরের সঙ্গেই যোগাযোগ রাখছি। তবে গতকাল মঙ্গলবার তাঁর পোনা অবমুক্ত করার কথা থাকলেও তা করেননি।’সাইদুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এ ব্যাপারে আমার কোনো কথা নেই। যা খুশি লেখেন।’ পোনা ক্রয় কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু ইউসুফ মো. রেজাউর রহমান বলেন, সর্বনিম্ন দরদাতা হিসেবে জাহাঙ্গীর আলমকে কার্যাদেশ দেওয়া হয়েছে।