
রাজধানীর ফার্মগেটের ফার্মভিউ সুপার মার্কেটে একটি জুয়েলারি দোকানের দেয়াল ভেঙে বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও নগদ টাকা লুট হয়েছে। শুক্রবার রাত থেকে গতকাল শনিবার ভোর পর্যন্ত এ ঘটনা ঘটে বলে পুলিশের ধারণা।
পাঁচতলা ফার্মভিউ সুপার মার্কেটের দোতলায় ‘দি কল্পনা জুয়েলার্স’ নামের দোকানে এ ঘটনা ঘটেছে। মালিকপক্ষের দাবি, দুর্বৃত্তরা দোকানের প্রায় ১৫০ ভরি স্বর্ণালংকার, সাত লাখ টাকা ও প্রায় ১৪ লাখ টাকা মূল্যের বন্ধক রাখা স্বর্ণালংকার নিয়ে গেছে।
ঘটনার হোতা হিসেবে ওই জুয়েলারি দোকানসংলগ্ন আরেকটি দোকানের ভাড়াটেকে সন্দেহ করছে শেরেবাংলা নগর থানার পুলিশ। ঘটনার পর থেকে মিলন নামে ওই ব্যক্তির খোঁজ নেই। এ ঘটনায় পুলিশ বিপণিবিতানের দুই নিরাপত্তাকর্মীসহ চারজনকে আটক করেছে।
ফার্মভিউ সুপার মার্কেটের দোতলায় প্রায় ৪৫টির মতো অলংকারের দোকান আছে। এর মধ্যে কয়েকটি দোকান একটি আরেকটির সঙ্গে সংযুক্ত। ‘দি কল্পনা জুয়েলার্স’-এর সঙ্গে যুক্ত আছে তিনটি দোকান।
ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, ওই জুয়েলারি দোকানের ভেতরে পূর্ব পাশের দেয়াল প্রায় এক বর্গফুট ভাঙা। পূর্ব পাশের দোকানে পড়ে আছে বেশ কয়েকটি শাবল। এসব দেখে পুলিশ ও মার্কেটের লোকজন ধারণা করছেন, ওই দোকান থেকেই দেয়াল ভেঙে জুয়েলারি দোকানে ঢুকেছে দুর্বৃত্তরা।
দোকানের মালিক স্বপন পাল প্রথম আলোকে বলেন, শুক্রবার রাত সাড়ে আটটার দিকে দোকান তালাবদ্ধ করে তিনি বাসায় ফেরেন। গতকাল সকাল সাড়ে নয়টার দিকে তাঁর ছেলে মাধব পাল দোকান খুলে দেখেন, এক পাশের দেয়াল ভাঙা। ভেতরে কোনো স্বর্ণালংকার ও টাকা নেই।
স্বপন বলেন, পাশের দোকানের ভাড়াটে এ ঘটনা ঘটিয়েছেন বলে সন্দেহ করছেন তিনি।
সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, মার্কেটের নিরাপত্তাকর্মী থাকলেও দোতলার জুয়েলারি দোকানগুলোর মালিকেরা আরও দুজন নিরাপত্তাকর্মীকে নিজস্ব উদ্যোগে নিয়োগ দিয়েছেন। রাত আটটার দিকে সব দোকান বন্ধ হয়ে গেলে দোতলার কলাপসিবল ফটকে তালা ঝুলিয়ে চাবি নিজেদের কাছে রাখেন ওই দুই নিরাপত্তাকর্মী।
পুলিশ প্রবীর মণ্ডল ও আশীষ সাহা নামে জুয়েলারি মালিকদের ওই দুই নিরাপত্তাকর্মী এবং মিলন খান ও দিদারুল আলম নামের আরও দুজনকে আটক করেছে। গতকাল দুপুরে থানায় প্রবীর ও আশীষ এ প্রতিবেদককে বলেন, এ ঘটনার ব্যাপারে তাঁরা কিছু জানেন না। দেয়াল ভাঙার কোনো শব্দও তাঁরা পাননি। আটক মিলন জানান, মার্কেটের দোতলায় তাঁর একটি ফাস্টফুডের দোকান আছে। যে ভাড়াটেকে সন্দেহ করা হচ্ছে, তাঁর নামও মিলন। ওই মিলন প্রায়ই তাঁর দোকানে খাবার খেতেন। একদিন দোকানভাড়া নেওয়ার আগ্রহ প্রকাশ করলে তিনি ওই জুয়েলারি দোকানসংলগ্ন দোকানটি দেখিয়ে দেন। দোকানটির তখনকার ভাড়াটে দিদারুলের সঙ্গে তিনি ওই মিলনের পরিচয় করিয়েও দেন। আটক দিদারুল বলেন, তিনি নিজে দোকানটি ভাড়া নিয়েছিলেন। গত মাসে (পলাতক) মিলনের কাছে তা ভাড়া দেন।
তেজগাঁও অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার আফরুজুল হক প্রথম আলোকে বলেন, পাশের দোকানের ভাড়াটেকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। থানায় মামলার প্রক্রিয়া চলছে।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি এক বিবৃতিতে এ ‘ডাকাতির’ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে অপরাধীদের গ্রেপ্তার ও মালামাল উদ্ধারের অনুরোধ করেছে।