দেড় শ লোকের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দেড় শতাধিক অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে গত শনিবার রাতেই সোনাগাজী থানায় একটি মামলা করা হয়েছে।এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করে গতকাল রোববার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। গত শনিবার সন্ধ্যায় একদল বিক্ষুব্ধ গ্রাহক সোনাগাজী পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এতে কার্যালয়ে থাকা ফাইলপত্র, কম্পিউটার ও বিভিন্ন জিনিসপত্র পুড়ে গিয়ে ব্যাপক ক্ষতি হয়। অগ্নিসংযোগের খবর শুনে স্থানীয় দমকল বাহিনী ও সোনাগাজী থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।অগ্নিসংযোগের ঘটনায় সোনাগাজী পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ের কো-অর্ডিনেটর মো. মোফাখখারুল ইসলাম বাদী হয়ে ১৫০-১৬০ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে সোনাগাজী থানায় একটি মামলা করেছেন। মামলার এজাহারে বলা হয়, গত শনিবার সন্ধ্যায় এই ব্যক্তিরা সংঘবদ্ধ হয়ে সমিতির কার্যালয়ে হামলা ও ইটপাটকেল নিক্ষেপ করে ভাঙচুর চালায় এবং কার্যালয়ের ভেতরে ঢুকে বিভিন্ন কক্ষে কেরোসিন ও পেট্রল ঢেলে অগ্নিসংযোগ করে।এতে প্রাথমিক হিসাবে পাঁচ লাখ ২০ হাজার টাকার সম্পদের ক্ষতি হয়। সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন পল্লী বিদ্যুৎ কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা এবং একজনকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।